ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যখন প্রযুক্তিনির্ভর সিদ্ধান্তে স্বচ্ছতা আনতে চাইছে, ঠিক তখনই প্রশ্নের মুখে দাঁড়িয়ে আইসিসি-নিযুক্ত এক তৃতীয় আম্পায়ার। ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া টেস্টে আম্পায়ারিং বিতর্ক নতুন মাত্রা পেল যখন ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি সরাসরি অভিযোগ জানালেন ম্যাচ রেফারি ও ভারতের প্রাক্তন ক্রিকেটার জভগল শ্রীনাথের কাছে। অভিযোগ, একাধিক ভুল সিদ্ধান্তে ম্যাচের গতি বদলে গিয়েছে। বিচার চাইছেন ক্যারিবিয়ান শিবির।
প্রথম দিনের বিতর্কের কেন্দ্রবিন্দু ছিলেন ট্রেভিস হেড। শামার জোসেফের বলে উইকেটরক্ষকের কাছে স্পষ্ট ক্যাচ ধরা পড়লেও, তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক সিদ্ধান্ত দেন হেডের পক্ষে। দ্বিতীয় দিন আরও দ্বন্দ্ব তৈরি হয় রস্টন চেজকে নিয়ে। হেজলউডের বলে স্নিকোতে স্পাইক দেখা গেলেও তাঁকে আউট ঘোষণা করা হয়নি। পরে কামিন্সের এক এলবিডব্লিউতেও প্রযুক্তির সাহায্য সত্ত্বেও চূড়ান্ত সিদ্ধান্তে অসঙ্গতি ধরা পড়ে।
এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন ড্যারেন স্যামি। বলেন, “এই ধরনের সিদ্ধান্ত খেলোয়াড়দের মনোবল ভেঙে দেয়। ধারাবাহিকতা চাইছি, সেটাই চাওয়া।” একই সঙ্গে তিনি তুলে আনেন হোল্ডস্টকের অতীত বিতর্কিত সিদ্ধান্তগুলিকেও।
ধারাভাষ্যকার ইয়ান বিশপও ছিলেন বিস্মিত। তাঁর কথায়, “আমি প্রযুক্তিকে সম্মান করি, কিন্তু আজকের সিদ্ধান্ত ভুল ছিল। চোখে দেখা স্পষ্ট সত্যও এড়িয়ে যাওয়া হলো।”
স্যামির এই নালিশের পর আইসিসি কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার। তবে বিতর্কে নতুন মাত্রা যে যুক্ত হলো, তা আর বলার অপেক্ষা রাখে না।







