শুক্রবার জম্মু ও কাশ্মীর বিধানসভার তৃতীয় দফার ভোটের আগেই জম্মু ও কাশ্মীরের দুটি জেলার ৭টি স্থানে অভিযান চালালো এনআইএ। সূত্রের দাবি ৯ জুন সন্ত্রাসবাদী ঘটনার সঙ্গে যোগসূত্র রয়েছে এই অভিযানের।
৯ জুনের এই হামলায় জঙ্গিরা তীর্থযাত্রী বোঝাই বাসে আক্রমণ করে। এই ঘটনায় সাতজন তীর্থ যাত্রী সহ নয় জন নিহত এবং ৪১ জন আহত হয়। ১৭ জুন এই সন্ত্রাসবাদী হামলার তদন্তের দায়িত্ব এনআইএ-কে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ৩০ জুনও, এনআইএ রাজৌরিতে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় পাঁচটি জায়গায় অভিযান চালিয়েছিল। আজ অভিযান চালানোর সময়, রাজৌরি এবং রিয়াসি জেলার সন্দেহজনক স্থানে হানা দিয়েছে NIA। এখনও পর্যন্ত এই ঘটনায় রাজৌরির এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত দীর্ঘ ১০ বছর পর এই বছর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন এখন শেষ পর্যায়ে। দুই দফায় ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তৃতীয় এবং চূড়ান্ত পর্বে, ৪০ টি বিধানসভা আসনে ভোট হবে। যার মধ্যে ২৬টি আসন জম্মু এবং ১৪টি আসন কাশ্মীর অঞ্চলে। জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট হবে ১ অক্টোবর।







