লক্ষ্মীপুজোর দিন মেয়ের মর্মান্তিক মৃত্যু। কৃষ্ণনগরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃত্যুতে ধর্ষণ-খুনের অভিযোগে সরব রাজনীতি। ঘটনায় প্রেমিক গ্রেফতার হলেও পুলিশের প্রতি আস্থা নেই পরিবারের। নির্যাতিতার মা চান, সিবিআই তদন্ত করুক। সেই মর্মে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন, এমনটাই খবর।
উল্লেখ্য, গতকাল সকালে কৃষ্ণনগরে এক তরুণীর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। অভিযোগের তীর যায় তরুণীর প্রেমিকের দিকে। প্রাথমিক তদন্তের জেরে গ্রেফতার হয় ছেলেটি। পুলিশ সুপারের দাবি, পরিবারের অভিযোগের ভিত্তিতে ধৃত যুবককে মূল অভিযুক্ত হিসাবে ধরে প্রাথমিকভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
অন্যদিকে, তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে এখনই ‘খুন’ বলতে রাজি নয় পুলিশ। পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘তরুণীর মৃত্যুর নেপথ্যে ধর্ষণ না কি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।’
মৃতার মায়ের উবাচ, ‘গতকাল সকাল থেকে রাত্রি পর্যন্ত যে ঘটনাপ্রবাহ দেখেছি, তারপরে আর পুলিশের উপরে আস্থা রাখতে পারছি না। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। কিন্তু এটা একজনের কাজ হতে পারে না। বাকিদের ব্যাপারে পুলিশের কোনও উৎসাহ নেই কেন?’
সিবিআই তদন্ত চেয়ে মৃতার মা জানান, ‘নিরপেক্ষ তদন্ত এবং যথোপযুক্ত সাজার জন্য মেয়ের খুনের তদন্ত করুক সিবিআই। আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টে এই আবেদন জানাব। প্রয়োজনে বাড়ি বিক্রি করে এই লড়াই চালাব।’







