ইতিমধ্যেই দেশের ৮টি শহরে 5G পরিষেবা শুরু করেছে Airtel। বৃহস্পতিবার ভারতী এয়ারটেল ঘোষণা করেছে, দেশের আট শহরে তাদের 5G পরিষেবা লাইভ হয়ে গিয়েছে। দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীর মানুষজন এখনই Airtel 5G ব্যবহার করতে পারবেন।
Airtel জানিয়েছে 5G Plus -এর মাধ্যমে 30 গুণ পর্যন্ত বেশি স্পিড মিলবে। যদিও 5G ব্যবহারের জন্য ফোনে 5G সাপোর্ট থাকা বাধ্যতামূলক। তবে সবথেকে বড় স্বস্তির খবরটি হল Airtel গ্রাহকরা 4G-র খরচেই 5G ব্যবহার করতে পারবেন।
কোন কোন ফোনে Airtel 5G Plus সাপোর্ট পাওয়া যাবে?
এখন যে সব এয়ারটেল ব্যবহারকারীরা নিজেদের এলাকায় 5G সিগন্যাল পাবেন, তাঁরাই নিজেদের 5G নেটওয়ার্কে সুইচ করে নিতে পারবেন। সুইচ করার পর যদি তাঁরা মনে করেন 5G অতিরিক্ত ডেটা কনজ়িউম করছে, তাহলে তারা আবার 4G নেটওয়ার্কে ফিরে আসতে পারবেন। এই মুহূর্তে অ্যাপল, স্যামসাং, ভিভো, ওপ্পো, রিয়েলমি এবং ওয়ানপ্লাসের একাধিক ফোন Airtel 5G Plus সার্ভিসের জন্য কম্প্যাটিবল।
তালিকায় একাধিক ফোন রয়েছে। Samsung-এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলি, যার মধ্যে রয়েছে ফোল্ড সিরিজ়, Galaxy S 22 series, Samsung M32। তার ঠিক পরেই রয়েছে iPhone 12 সিরজ় ও তার পরবর্তী মডেলগুলি। Realme 8s 5G, Realme X7 সিরিজ়, Realme Narzo সিরিজ়, Vivo X50 ও তার পরবর্তী মডেলগুলি, Vivo IQOO সিরিজ় এবং Oppo Reno5G Pro। এছাড়াও OnePlus 8 ও তার পরবর্তী মডেলগুলিও Airtel 5G সাপোর্ট করবে।







