ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে মেজাজ হারিয়ে টেবিলে আছাড় মেরে কাচের বোতল ভেঙেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । সেই কাচে হাত কেটেছিল কল্যাণেরও। এইরূপ আচরণের কারণে , তিনি বরখাস্ত হয়েছেন কমিটি থেকে । এই বৈঠকে গেরুয়া শিবিরের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার এই বৈঠক নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ ।
মুখ খুলতেই বিস্ফোরক মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তার কথায় , “আমাকে টার্গেট করা হয়েছে, কারণ আমি প্রতিবাদ করি। অসম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষতার বিষয়ে কোন আপোশ করব না। আমাকে খুন করার চক্রান্ত চলছে। ওরা আমাকে খুন করতে পারে।”
বৈঠকের পর অভিযোগ উঠেছিল তৃণমূল সাংসদ কল্যান , জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পালের দিকে বোতল ছুড়ে মারার চেষ্টা করছিলেন । তবে এবার কল্যাণ বলেন , “আমি নিজে আগেরদিন রাতে চেয়ারম্যান জগদম্বিকা পালের জন্মদিন পালন করেছি। আমার হাতে ছ’টা সেলাই পড়েছে। ন্যূনতম সৌজন্য নেই, বিরোধীরা ছাড়া জেপিসির অন্য সদস্যরা আমায় জিজ্ঞেস করেনি যে কী হয়েছে। কমিটি রুম থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে পড়তে গিয়েছে। শতাব্দী সেই রক্তের ফোঁটা দেখে আমার কাছে পৌঁছেছে।”
পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘কুলাঙ্গার’ বলেও কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন , “অভিজিৎ গঙ্গোপাধ্যায় জুডিশিয়ারির কুলাঙ্গার। উকিল ছিল নাকি? ওকে চ্যালেঞ্জ করছি। কলেজিয়ামে দুই জন বন্ধুকে ধরে জাজ হয়েছে। একদিন লিগাল পয়েন্টে একটা মামলা লড়ে দেখাক।”







