কয়েকদিন আগেই বিধানসভায় তামান্না খাতুন হত্যাকাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর নিহত নাবালিকার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। সেই প্রতিশ্রুতির পর এবার তামান্না হত্যা মামলায় আরও ১২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে ধৃতদের নামের তালিকা প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘কথা রেখেছি।’
উল্লেখ্য, গত বছরের ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন দুপুরে নদিয়ার কালীগঞ্জ থানার মোলান্দি গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে প্রাণ হারায় ৯ বছরের তামান্না খাতুন। ঘটনার পর তার মা সাবিনা ইয়াসমিন ২৪ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পুলিশ প্রথম দফায় ১১ জনকে গ্রেপ্তার করলেও বাকি অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই পলাতক ছিল।
মেয়ের হত্যার বিচার চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও সেই সুযোগ পাননি সাবিনা ইয়াসমিন। সরকার পরিবর্তনের পর বিধানসভায় এই ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তামান্নার পরিবার ন্যায়বিচার পাবে। এরপর তিনি নিজে নিহতের মায়ের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত আইনি পদক্ষেপের আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির পরই শুরু হয় পুলিশের ধারাবাহিক অভিযান এবং একের পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার এক্স-এ প্রকাশিত পোস্টে মুখ্যমন্ত্রী জানান, গত কয়েকদিনে গ্রেপ্তার হওয়া ১২ জনের নাম প্রকাশ করা হয়েছে। তিনি লেখেন, *‘তামান্নার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আমরা আমাদের প্রতিশ্রুতি পালন করছি। দ্রুত ও আইনসম্মত পদক্ষেপ নেওয়ার জন্য কৃষ্ণনগর জেলা পুলিশের ভূমিকা প্রশংসার দাবি রাখে।’
একই পোস্টে মুখ্যমন্ত্রী আরও জানান, এফআইআরে নাম থাকা প্রায় সব অভিযুক্তকেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পলাতকদের খোঁজে গুরগাঁও ও নাগপুর-সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সেখান থেকেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন।







