বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে বিতর্ক ও জল্পনা। প্রায়শই চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। আবার অনেক সময় অনেক তারকারা চর্চায় থাকার জন্য নতুন নতুন বিতর্কের সৃষ্টি করেন। বিতর্ক যেন তার পিছু ছাড়েনা। তার বেশীরভাগ বক্তব্যই হয়ে ওঠে বিতর্ক। এবার ফের বিতর্কে জড়ালেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
এবার প্রেম নিয়ে মন্তব্য করে চর্চায় এলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে একাই তিনি। আজকাল ডেটিং অ্যাপ-এর চল বেড়েছে, কিন্তু কঙ্গনার এ ধরনের অ্যাপ-এ কোনও ভরসা নেই। কঙ্গনা বলেন, “আমি কখনও ডেটিং অ্যাপ-এ থাকতে চাইনি। এটা হল সমাজের নর্দমার মতো। এদের প্রত্যেকের জীবনেই কিছু প্রয়োজন রয়েছে। কারও আর্থিক প্রয়োজন, কারও আবার শারীরিক প্রয়োজন। আজকের যুগে নারী ও পুরুষ উভয়েরই কিছু না কিছু প্রয়োজন রয়েছে। কিন্তু সেই প্রয়োজনগুলো বোঝা যাবে কী ভাবে? সেটাই আমার প্রশ্ন। সুস্থ ও ভদ্র ভাবে সম্পর্ক তৈরি করা উচিত, না কি রোজ রাতে সঙ্গী খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার মতো অসভ্যতা করা উচিত? এই হল আজকের যুগের সম্পর্কের ধরন, যেটা খুবই ভয়ানক।”
একটি সাক্ষাতকারে হোস্ট এই বিষয় দ্বিমত পোষণ করলে, কঙ্গনা বলেন, “আপনি আসলে কটাক্ষের ভয়ে নিজের মত প্রকাশ করতে পারছেন না। নিজের ভাইবোনের ব্যাপারেও কি আপনি এমনই ভাবনা রাখেন! আমার মনে হয় না, সাধারণ কোনও মানুষ এই ধরনের ডেটিং অ্যাপকে সমর্থন করবেন। যাঁদের জীবনে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, তাঁরা ওই সব অ্যাপ ব্যবহার করেন।”
অভিনেত্রী মনে করেন যেকোনো ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে একটি পবিত্র সম্পর্ক গড়ে ওঠা জরুরি। তাঁর কথায়,“অফিসে বা কলেজে আপনি ভাল মানুষ খুঁজে পেতে পারেন আপনি। অথবা আপনার বাবা-মাও ভাল সঙ্গী খুঁজে দিতে পারেন। আমার মতো কাউকে ডেটিং অ্যাপ-এ আপনি খুঁজে পাবেন না। যত রাজ্যের অপদার্থ লোকজনকে খুঁজে পাবেন, যাঁরা জীবনে কিছুই করে উঠতে পারেননি। অফিসে বা কলেজে আপনি খুঁজে পাননি। বাবা-মাও কাউকে খুঁজে দিতে পারেননি। তাই আপনি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন। নিজের চরিত্র কতটা খারাপ, আপনি নিজেই ভাবুন!”







