সংবাদ শিরোনামে আলিপুরদুয়ার জেলা। একদিকে এখনো আরজিকর হত্যাকাণ্ডের রেশ কাটেনি। এরই মাঝে শুক্রবার বিকেলে আলিপুরদুয়ার জেলাতে উঠে এলো এক নারকীয় ঘটনা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার অন্তর্গত এলাকায় এক নাবালিকা কিশোরীকে ধর্ষণ করে প্রাণে মেরে ফেলে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট গ্রামের বছর চল্লিশের একজনের বিরুদ্ধে। স্থানীয় গ্রামবাসীরা অভিযুক্ত ব্যক্তিকে রীতিমত গাছে বেঁধে গণপ্রহারে প্রতিবাদের ভাষা বুঝিয়ে দেয়।। খবর চাউর হতেই ঘটনাস্থলে ফালাকাটা থানার বিরাট পুলিশ বাহিনী পৌঁছে অভিযুক্ত কে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপরই ঘটনার সঙ্গে যুক্ত আরো এক অভিযুক্ত ফালাকাটা থানায় স্বেচ্ছায় ধরা দেন। শনিবার আলিপুরদুয়ার জেলা আদালতে পুলিশ তাকে পেশ করে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শুরু হয় তীব্র প্রতিবাদ। গ্রামের সমস্ত মানুষ জড়ো হয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করে ধৃত আরো এক ব্যক্তির ফাঁসির দাবিতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে বিক্ষোভ কর্মসূচিতে ফেটে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফালাকাটা থানার বিরাট পুলিশ বাহিনী সহ মোতায়েন করা হয়েছে আলিপুরদুয়ার মাদারী হাট বিধানসভার উপনির্বাচনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আধা সামরিক বাহিনীকেও। এদিকে দোষীর ফাঁসির দাবিতে চলছে আন্দোলন।
যত সময় গড়াচ্ছে ততই আন্দোলনের তীব্রতা যেন বেড়েই চলেছে। অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে একদিকে যখন গোটা গ্রাম ঘুরে স্লোগান চলছে গ্রামবাসীদের , পাশাপাশি এদিন এথলবাড়ি থেকে ফালাকাটা যাবার যে মূল রাস্তা সেই রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখাতে থাকলো গ্রামবাসীরা।







