সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতি নিয়ে বড়সড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। গত ১১ বছরে অনুমতি ছাড়া বা নিয়মভঙ্গ করে ডিউটি ফাঁকি দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বিস্তারিত তথ্য তলব করা হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, ২০১৫ সাল থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবা, ডেন্টাল পরিষেবা এবং জনস্বাস্থ্য ও প্রশাসনিক পরিষেবার আওতায় কর্মরত চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, ডেন্টাল সার্জন ও অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতির রেকর্ড খতিয়ে দেখা হবে। কাজের দিনে কারা অনুপস্থিত ছিলেন এবং সেই অনুপস্থিতির যথাযথ অনুমোদন ছিল কি না, তার তথ্য দ্রুত জমা দিতে বলা হয়েছে।
সূত্রের দাবি, অতীতে এমন বহু অভিযোগ সামনে এসেছিল যেখানে জেলার মেডিক্যাল কলেজে কর্মরত কিছু চিকিৎসক দীর্ঘ সময় কর্মস্থলে না থেকে অন্যত্র ব্যক্তিগত চেম্বার বা চিকিৎসা পরিষেবায় যুক্ত থাকতেন। সেইসব অভিযোগের সত্যতা যাচাই করতেই পুরনো নথি খোলা হচ্ছে বলে প্রশাসনিক মহলের ধারণা।
নির্দেশ অনুযায়ী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH), মেডিক্যাল কলেজের সুপার, ভাইস-প্রিন্সিপাল এবং অতিরিক্ত মেডিক্যাল সুপারদের নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে তথ্য আপলোড করতে হবে। তথ্য পাঠানোর আগে সংশ্লিষ্ট নথি যাচাই করতেও বলা হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের একাংশের মতে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় কর্মীদের উপস্থিতি, জবাবদিহি এবং পরিষেবার মান আরও শক্তিশালী করতেই এই বিশেষ তথ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সাত দিনের মধ্যে সমস্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।







