ভিন রাজ্যের দিনমজুরি ছেড়ে শুটকি মাছ চাষ করে গ্রামের অন্যান্য শ্রমিকদের নতুন আয়ের পথ দেখাচ্ছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রামের কয়েকটি পরিবার । ইতিমধ্যে এই শুটকি মাছ প্রক্রিয়ারকরণের পর শিলিগুড়ি, আসাম, সিকিমে রপ্তানি করার কাজও শুরু করেছেন সংশ্লিষ্ট মৎস্যজীবীরা। মাত্র ছয় মাস শুটকি চাষ করে সারা বছরের উপার্জন সেরে ফেলছেন চাষিরা বলেও দাবি করেছেন। ফলে বছরের বাকি ছয় মাস অন্য কাজ করে আরও বেশি রোজগার করার পথ বেছে নিয়েছে যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গ্রামের দিলীপ চৌধুরীর মতোন বেশ কয়েকটি মৎস্যজীবীর পরিবার।
উল্লেখ্য , পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বলদাহুরা গ্রামে কয়েকটি পরিবার শুটকি মাছ চাষ করে রীতিমতো সাবলম্বী হয়েছেন। গত এক দশক আগে ওই গ্রামের প্রবীণ বাসিন্দা, দিলীপ চৌধুরীর হাত ধরেই শুরু হয়েছিল শুটকি মাছের চাষ। ধীরে ধীরে এই শুটকি উৎপাদনে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি পরিবার। ফলে শুটকি চাষ করে মাসে মোটা টাকা উপার্জন করছেন বলদাহুরা গ্রামের প্রায় তিন চারটি পরিবার।
শুটকি মাছ উৎপাদনকারী মৎস্যজীবী দিলীপ চৌধুরী বলেন , কালীপুজোর মরশুমের পর থেকেই শুরু হয় শুটকি চাষ। মূলত পুঁটি, চিংড়ি, চেলা, বেলে, রাইখোর নদীয়ালী ছোট মাছগুলিকে কাঁটাই বাছাই করার পরে রোদের তাপে তিন দিন শুকানো হয়। এরপর সেই মাছগুলিতেই পরিমাণ মতো হলুদ, লবণ মাখিয়ে অতিরিক্ত আরো একদিন চাটাইয়ে বিছিয়ে রোদের তাপে শুকানো হয়। এরপর পাইকারেরা বস্তায় মজুত করে সেই শুটকিগুলি ভিন রাজ্যে নিয়ে যান। তিনি আরো জানান,এক কুইন্টাল শুটকি মাছ দশ থেকে বারো হাজার টাকা দরে পাইকারদের কাছে বিক্রি হয়। প্রতি সপ্তাহে অন্তত কয়েক কুইন্টাল শুটকি মাছ আমরা পাইকারদেরকে রপ্তানি করে থাকি, তবে বাজারে শুটকি মাছের বেশি আমদানি হয়ে গেলে অনেক সময় আমাদের লোকসান হয়। আগামী মার্চ মাস পর্যন্ত এই শুটকি মাছের উৎপাদনের কাজ চলবে। আমরা যদি সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা পায় তবে ব্যবসা বাড়াবো এর ফলে ব্যবসায় লাভের অংকটাও বাড়বে।







