রাজনীতি

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি কংগ্রেস প্রার্থী মিলনের, পাঁচ মামলা প্রত্যাহার রাজ্যের

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে হতে চলেছে উপনির্বাচন। তার আগেই কিছুটা স্বস্তি পেলেন জেলবন্দি কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। যে মামলায় বর্তমানে তিনি গ্রেপ্তার রয়েছেন, সেটি বাদ দিয়ে তাঁর বিরুদ্ধে থাকা বাকি মামলাগুলি প্রত্যাহার করে নিয়েছে রাজ্য। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এই তথ্য জানায় রাজ্য সরকার। এরপরই জামিনের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী।

বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মিলন প্রধানের আইনজীবী এই সংক্রান্ত মামলা দায়েরের অনুমতি চান। একইসঙ্গে দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বলে জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই জামিনের আবেদনটির শুনানি হতে পারে। ফলে উপনির্বাচনের আগে মিলন প্রধান জেল থেকে বেরোতে পারেন কি না, এখন সেদিকেই নজর।

উল্লেখ্য, গত সপ্তাহে একটি পুরনো খুনের মামলায় গ্রেপ্তার করা হয় কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। দুটি মামলায় বর্তমানে আগামী ৫ অক্টোবর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ রয়েছে। অর্থাৎ ভোটের ঠিক আগে পর্যন্ত তাঁর প্রচারে অংশ নেওয়ার সুযোগ কার্যত নেই।

এই পরিস্থিতিতে সোমবার মিলন প্রধানের আইনজীবী অয়ন ভট্টাচার্য হাই কোর্টে আবেদন করেন, তাঁর বিরুদ্ধে থাকা আরও পাঁচটি মামলায় যাতে ‘শোন অ্যারেস্ট’ করা না হয়, সে বিষয়ে আদালতের রক্ষাকবচ দেওয়া হোক। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সেই মামলার শুনানি হয়। রাজ্যের হয়ে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মুখোপাধ্যায় জানান, যে মামলাগুলিতে রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মিলন প্রধান, সেগুলি ইতিমধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরপর আদালত জানায়, এই পরিস্থিতিতে আর অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই।

এরপরই বুধবার জামিনের আবেদন নিয়ে হাই কোর্টে যান মিলন প্রধান। তাঁর আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান। আইনজীবীর বক্তব্য, নন্দীগ্রাম উপনির্বাচনে মিলন প্রধান কংগ্রেসের প্রার্থী এবং ভোটের দিন ক্রমেই এগিয়ে আসছে। তাই দ্রুত তাঁর জামিনের আবেদনের শুনানি হওয়া প্রয়োজন।

প্রসঙ্গত, ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন এবং পরবর্তী সময়ের বিভিন্ন ঘটনায় মিলন প্রধানের বিরুদ্ধে মোট ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল বলে জানা যায়। এর মধ্যে দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.