মালি গত কয়েক বছর ধরে জঙ্গি কার্যকলাপ ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। এবার সেখানে কর্মরত তিন ভারতীয় নাগরিককে অপহরণ করেছে আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন। যা নিয়ে চারিদিকে শোরগোল পরে গেছে।
মালিতে এই ধরনের অপহরণ নতুন নয়, তবে ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে অপহরণ গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই খবর নিশ্চিত করেছে ভারত সরকার। ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। দ্রুত ভারতীয়দের খোঁজ পেতে মালি প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছে দিল্লি। পাশাপাশি ভারত সরকার মালি প্রশাসনকে কড়া ভাষায় জানিয়েছে, যাতে অবিলম্বে পদক্ষেপ করে অপহৃতদের মুক্ত করা হয়। মঙ্গলবার রাতে মালির পশ্চিমাঞ্চলের কায়েস এলাকায় একটি সিমেন্ট কারখানায় হামলা চালায় একদল বন্দুকধারী বলে জানা গেছে। ওই ডায়মন্ড সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন তিন ভারতীয় নাগরিক। হামলার সময় তাঁদের অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র বাহিনী। তারপর থেকে নিখোঁজ ওই তিন জন।
এই হামলার পেছনে রয়েছে পশ্চিম আফ্রিকাজুড়ে সক্রিয় আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন বলে দাবি স্থানীয়দের। এর আগেও মালিতে একাধিক সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িয়েছে এই সংগঠন। চিন্তিত ভারতের কূটনৈতিক মহল। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিখোঁজ ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও দ্রুত মুক্তির জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে। মালিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে।







