রাজ্য সরকার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য। এই মর্মে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে কেন্দ্র জানিয়েছে। এই বিষয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। কেন্দ্র জানিয়েছে যে, রাজ্য সরকারের অধিকার রয়েছে আইপিএস অফিসারদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ নেওয়ার। রাজ্য যদি পদক্ষেপ না নেয়, তবে কেন্দ্রের কাছে অভিযোগ করা যেতে পারে।
একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, যেখানে অভিযোগ উঠেছিল যে নির্যাতিত তরুণী চিকিৎসকের নাম প্রকাশ করার জন্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে গাফিলতি রয়েছে। এই প্রেক্ষাপটে, কেন্দ্র আদালতকে জানায় যে নির্যাতিতার নাম প্রকাশের বিষয়টি নিয়ে ওই পুলিশ কমিশনারের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিতে পারে। পাশাপাশি, কেন্দ্রও আবেদন জানায় যে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে তাদের নাম বাদ দেওয়া হোক। তবে, আদালত এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।







