চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। হিন্দু সন্ন্যাসী তথা ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’-এর মুখপাত্র চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। আদালতে জামিন খারিজ হওয়ার পর তাঁকে চট্টগ্রামের জেলে পাঠানো হয়। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “যখন সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলাকারীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, তখন শান্তিপূর্ণভাবে ন্যায়ের দাবিতে কথা বলা একজন ধর্মীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। এটি গভীর উদ্বেগজনক। আমরা বাংলাদেশে হিন্দুদের উপর সাম্প্রতিক আক্রমণ এবং প্রতিবাদী জনতার ওপর পুলিশি অত্যাচারের ঘটনাগুলিও গভীরভাবে লক্ষ্য করছি।”
চিন্ময় প্রভুর গ্রেফতারের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমেছেন। পুলিশের বিরুদ্ধে প্রতিবাদীদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে। মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলি আন্তর্জাতিক মহলেও আলোচিত হচ্ছে।
অন্যদিকে, অভিযোগ উঠেছে যে, জেলে চিন্ময় প্রভুকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে এবং ওষুধের সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আরও তীব্র প্রতিবাদের জন্ম দিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা বাংলাদেশে সংখ্যালঘু সুরক্ষার চিত্রটি ফের প্রশ্নের মুখে ফেলেছে। ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক স্তরে নিন্দার মুখে পড়তে হতে পারে ঢাকাকে। চিন্ময় প্রভুর মুক্তি এবং সংখ্যালঘু সুরক্ষার দাবিতে আন্তর্জাতিক মহলের সক্রিয়তা এখন সময়ের দাবি।






