আই লিগের জমজমাট লড়াইয়ে ইন্টার কাশী দেখাল তাদের আক্রমণাত্মক ফুটবলের দাপট। দিল্লি এফসি-কে ৫-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা পাকা করল আন্তোনিও লোপেজ হাবাসের দল। ম্যাচের তারকা বেরলাঙ্গা, যিনি মাত্র ২৭ মিনিটের ব্যবধানে দুর্দান্ত হ্যাটট্রিক করে দলকে বড় ব্যবধানে এগিয়ে দেন।
প্রথমার্ধের ৩২ মিনিটে তাঁর প্রথম গোল। দ্বিতীয়ার্ধের ৫৭ এবং ৫৯ মিনিটে বাকি দুটি গোল করেন তিনি। দিল্লির রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে লালরিনডিকা (৬২ মিনিট) এবং নিকোলা স্টোজ্যানোভিচ (৬৮ মিনিট) আরও দুটি গোল যোগ করেন। দিল্লি এফসি-র পক্ষে একমাত্র সান্ত্বনার গোলটি আসে হিমাংশু জ্যাংরার পেনাল্টি থেকে।
এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন পাঞ্জাব এফসি-র সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী। শুধু দর্শক হিসেবেই নয়, বরং প্রতিভা সন্ধানের মিশনে ছিলেন তিনি। শোনা যাচ্ছে, এই ম্যাচের কিছু ফুটবলারের নাম ইতিমধ্যেই তাঁর ডায়েরিতে জায়গা পেয়েছে। শঙ্করের কোচিং দর্শন ও খেলোয়াড় বাছাই দক্ষতা নতুন কিছু নয়। আগামী মরশুমে তাঁদের পাঞ্জাব এফসি-র জার্সিতে দেখা গেলে আশ্চর্যের কিছু থাকবে না।
ইন্টার কাশী এই জয় দিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে আই লিগের শীর্ষে। অন্যদিকে, দিল্লি এফসি-র পারফরম্যান্স নতুন করে ভাবাচ্ছে সমর্থকদের। টুর্নামেন্টের শুরুতে এমন হার তাঁদের জন্য বড় ধাক্কা। তবে আই লিগ লম্বা, উত্তেজনার পারদ এখনও চরমে ওঠার অপেক্ষায়।







