নিজস্ব সংবাদদাতা: গতকাল সরকারী ভাবে কলকাতার সাথে যুক্ত হলো দক্ষিণ ২৪ পরগনার ভাঙর । এইদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাঙর ডিভিশনের দায়িত্ব পেল কলকাতা পুলিশ। এবার থেকে কলকাতা পুলিশের দশম ডিভিশন হচ্ছে ভাঙর ডিভিশন। বুধবার নবান্ন থেকে প্রকাশিত হলো নির্দেশিকা।
ভাঙর, হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, চন্দনেশ্বর, বোদরা এই আটটি থানা ভাঙরের আওতায় রয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, এখানে ২ জন ডিসি পদমর্যাদার অফিসারের অধীনে থাকবে ৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। প্রত্যেক থানায় থাকছেন ওসি, অতিরিক্ত ওসি, ১০ জন সাব ইন্সপেক্টর, ৪ জন মহিলা সাব ইন্সপেক্টর, ৩ জন মহিলা আসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ২ জন সার্জেন্ট, ১২ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ৮০ জন কনস্টেবল, ৩০ জন মহিলা কনস্টেবল, ১২ জন গাড়ি চালক, এমনটাই জানা গেছে কলকাতা পুলিশের তরফে। এছাড়াও ভাঙরের যান চলাচল নিয়ন্ত্রনে নয়া নিয়ম তৈরি করেছে কলকাতা পুলিশ। ভাঙর ট্রাফিক গার্ডে থাকছে ১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ২ জন ইন্সপেক্টর, ১৫ জন সার্জেন্ট, ১৫ জন এএসআই, ১০০ জন কনস্টেবল। এই থানাগুলির পরিকাঠামো দেখভালের জন্য ১ জন ডিসি ও ৪ জন ইন্সপেক্টরকে দায়ভার দেওয়া হয়।
সরকারি নির্দেশিকায় পরই এদিন ভাঙর থানায় ৪ জন ডিসি সহ কলকাতা পুলিশের টিম। এরই পাশাপাশি আশেপাশের এলাকা ঘুরে দেখেন কলকাতা পুলিশের ট্রাফিক গার্ড বিভাগের আধিকারিকেরা। এবারের পঞ্চায়েত ভোটে উতপ্ত ভাঙরকে ঠান্ডা করতেই মূলত এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।







