শিক্ষা

ফের রাতের অন্ধকারে দেওয়াল সাফ! যাদবপুরে চুনকাম ঘিরে নতুন করে উত্তেজনা

কলকাতা: বিতর্ক যেন পিছু ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে। রাজনৈতিক দেওয়াল লিখন ও গ্রাফিটি মুছে ফেলার ২৪ ঘণ্টার মধ্যেই ফের স্লোগান এবং কার্ল মার্ক্সের উক্তি লিখেছিলেন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এবার মঙ্গলবার গভীর রাতে ফের ক্যাম্পাসে ঢুকে সেই দেওয়াল লিখন সাদা রঙে ঢেকে দেওয়ার অভিযোগ উঠল।
বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার দাবি, মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ খবর আসে, ৪ নম্বর গেট দিয়ে কলকাতা পুলিশ ও পুরসভার কর্মী পরিচয়ে কয়েকজন বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের দেওয়াল হোয়াইটওয়াশ করতেই তাঁরা এসেছেন। নিরাপত্তার কারণে পুলিশ গাইড হিসেবে সঙ্গে রয়েছে বলেও দাবি করা হয়।
রাত বাড়ার পর হস্টেলের পড়ুয়ারা বাইরে এসে দেখতে পান, সোমবার নতুন করে লেখা কার্ল মার্ক্সের বিখ্যাত উক্তি-সহ একাধিক স্লোগান ফের সাদা রঙের প্রলেপে ঢেকে দেওয়া হয়েছে। কে বা কার নির্দেশে মাঝরাতে এই কাজ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের একাংশ।
এর আগে ক্যাম্পাসের ‘আপত্তিকর’ ও ‘দেশবিরোধী’ স্লোগান মুছে ফেলার বিষয়ে কড়া বার্তা দিয়েছিল রাজ্য প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম দফায় দেওয়ালে চুনকাম করার পর ফের সেখানে লেখালেখি করে SFI।
ঘটনাকে কেন্দ্র করে গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলেছে বাম ছাত্র সংগঠনগুলি। পাল্টা দেওয়াল লিখনকে কেন্দ্র করে যাদবপুরে নতুন করে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.