সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের হাস্যরসে মশগুল স্কুটি চালানোর ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। তাঁদের আসন্ন ছবি ‘পরম সুন্দরী’-কে ঘিরেই এই ভিডিও। সম্ভবত তাঁদের ছবির কোনো গানের দৃশ্যের মুহূর্তই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এই মুহূর্তে দক্ষিণ ভারতে ছবির শ্যুটিং চলছে। সেখান থেকেই কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন জাহ্নবী। ছবিতে দেখা যাচ্ছে লাল শাড়ি পরে স্কুটির পিছনে সিদ্ধার্থকে বসিয়ে রাইডে নিয়ে গেছেন জাহ্নবী। সিদ্ধার্থের পরনে পিঙ্ক শার্ট আর ব্ল্যাক জিন্স, দুজনের চোখেই রোদ চশমা।
‘পরম সুন্দরী’ সিনেমায় পরম ভূমিকায় অভিনয় করছেন সিদ্ধার্থ ও জাহ্নবী’র নাম সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের সাথে ক্যাপশনে জাহ্নবী লেখেন,”পরম খুবই খুশি হয়েছে যখন আমি ওকে স্কুটি রাইডে নিয়ে গিয়েছিলাম।” জাহ্নবী-সিদ্ধার্থের সেই ছবিতে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘পরম সুন্দরী নিয়ে আমি খুবই উত্তেজিত।’ আরও একজন লিখেছেন, ‘ঘুম থেকে ওঠার আগে আমি সিদ্ধার্থকে নিয়ে এমনই স্বপ্ন দেখি।’ অন্য একজনের দাবি, ‘এই জুটি দারুণ সাফল্য পাবে।’ আবার কেউ কমেন্টে লিখেছেন,’দুজনের হাসিই বলে দিচ্ছে যে ছবিটি দারুন মজার হবে।’ অপেক্ষা আর সইছে না। কেউ আবার মজার সুরে বলেছেন, ‘বাড়িতে আপনার বউ অন্তঃসত্ত্বা, আর আপনি জাহ্নবীর স্কুটিতে চড়ে ঘুরছেন?’ ‘পরম সুন্দরী’ নিয়ে যে পরিমাণে চর্চা হচ্ছে তাতে আশা করাই যায় বলিউড আরও একটি হিট রম-কম ছবি উপহার পেতে চলেছে।







