দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। প্রার্থী কে হতে পারে সেই প্রসঙ্গে তৃণমূলের অন্দরের জল্পনা তুঙ্গে।
তবে এইবারের পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী তৃণমূলনেত্রী নিজে ঠিক করবেন বলেই বার্তা দিয়েছিলেন। দলীয় সূত্রে খবর, সেই প্রার্থী বাছাইয়ে এক ব্যক্তি-এক পদ নীতিকেই কেন্দ্রে রাখার ভাবনা জোড়াফুল শিবিরের।
কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন পুরভোটে নয়া মুখ আনার লক্ষ্যে আগেই এই ফর্মুলা চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে ফের এক বার সেই ব্যাপারে উদ্যোগী হতে চলেছেন তিনি। সে ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলীয় পদাধিকারীদের তালিকার বাইরে রাখার কথা প্রাথমিক ভাবে ভাবা হয়ে গেছে ইতিমধ্যেই।
ত্রিস্তরীয় পঞ্চায়েত-ব্যবস্থার সব থেকে উপরের স্তর জেলা পরিষদে কিছু জনপ্রতিনিধি আছেন। বিশেষ করে কয়েকটি জায়গায় জেলা পরিষদের সভাধিপতি পদে রয়েছেন বিধায়করা। এবং জেলা পরিষদের সভাধিপতির কাজ যদি দেখা যায় তাহলে কোনও দপ্তরের পূর্ণমন্ত্রীর থেকে কম নয়, সেক্ষেত্রে বিধায়কের থেকে দায়িত্ব কমাতে তাঁদের প্রার্থী না করার বিষয়টিও খতিয়ে দেখার সম্ভাবনা।







