ফের আইনি জটিলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। নতুন কোনও মামলায় পুলিশ যাতে তাঁকে গ্রেপ্তার করতে না পারে, সেই উদ্দেশ্যে রক্ষাকবচের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়। তবে সুমিত রায়ের অন্তর্বর্তী সুরক্ষার আবেদন খারিজ করে দেন বিচারপতি।
আদালতের পর্যবেক্ষণ, আবেদনে উত্থাপিত বিষয়গুলি খতিয়ে দেখতে বিস্তারিত বিচার-বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। তাই এই মুহূর্তে তাঁকে কোনও অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া সম্ভব নয়। সুমিত রায়ের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর বক্তব্য, আপাতত তাঁর মক্কেলের তরফে শুধুমাত্র অন্তর্বর্তী সুরক্ষার আবেদন জানানো হয়েছিল।
এদিকে বিষ্ণুপুরের প্রায় ৪০০ কোটি টাকার মাটি দুর্নীতি মামলায় নতুন করে গ্রেপ্তারির মুখে পড়েছেন সুমিত। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীন কালীতলা আশুতিপুর থানার পুলিশ তাঁকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করেছে বলে আদালত সূত্রে খবর। বৃহস্পতিবার শুনানির সময় বিষয়টি বিচারপতির নজরে আনেন তাঁর আইনজীবী। তিনি জানান, সুমিত ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন। এরই মধ্যে আরও একটি মামলায় তাঁকে শোন অ্যারেস্ট করা হয়েছে। একের পর এক নতুন মামলায় গ্রেপ্তারির আশঙ্কা থেকেই রক্ষাকবচ চাওয়া হয়েছিল। যদিও সেই আবেদন গ্রহণ করেনি আদালত।
অন্যদিকে, বৃহস্পতিবারের শুনানিতে রাজ্যের হয়ে আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় জানান, বিশেষ কারণে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার এদিন আদালতে উপস্থিত থাকতে পারছেন না। ফলে রাজ্যের বক্তব্য জানানোর জন্য আরও কিছুটা সময় চেয়ে আদালতের কাছে আবেদন জানানো হয়। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।







