পূর্ব মেদিনীপুর: নিম্নমানের খাদ্যসামগ্রী বিতরণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের আলিপুর ১৯০ নম্বর ICDS কেন্দ্র। সোমবার দুপুরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ICDS কর্মী ইন্দ্রানী প্রধান ও সুপারভাইজার অনিতা সরকারকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখান। পরে ক্ষোভের চোটে কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে দেন প্রতিবাদীরা।
অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কেন্দ্রে নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, কেন্দ্রের কর্মী ইন্দ্রানী প্রধান নিয়মিতভাবে দুর্নীতি করছেন এবং শিশুদের জন্য বরাদ্দ খাবারের মান অত্যন্ত খারাপ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ICDS সুপারভাইজার অনিতা সরকার। তবে তাঁকেও ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন—সব জানার পরেও কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না তিনি?
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং শিশুদের জন্য মানসম্মত খাদ্যসামগ্রী বিতরণ নিশ্চিত করতে হবে।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনার বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে এবং শীঘ্রই তদন্ত শুরু হবে।







