শালবনি জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে শুক্রবার মেদিনীপুর জেলা আদালতে পেশ করা হবে। এদিন সকালে ভবানীভবন থেকে সিআইডির একটি দল সুমিত রায়কে নিজেদের হেফাজতে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা দেয়। আদালতে তাঁকে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারী আধিকারিকরা।
সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার হওয়ার পরই বৃহস্পতিবার সুমিত রায়কে গ্রেফতার করে সিআইডি। তদন্তকারীদের দাবি, একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করা হলেও বেশ কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। ফলে তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছেন আধিকারিকরা।
পাশাপাশি, আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর সুমিত রায় ফের আত্মগোপন করতে পারেন বলেও আশঙ্কা ছিল তদন্তকারী সংস্থার। সেই কারণেই সুপ্রিম কোর্টের রক্ষাকবচ উঠে যেতেই দ্রুত তাঁকে গ্রেফতার করা হয় বলে সিআইডি সূত্রে দাবি।
সুমিত রায়ের গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সুমিত রায়কে তীব্র আক্রমণ করে বলেন, “এই রাজ্যের একজন প্রসিদ্ধ তোলাবাজ সুমিত রায়। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ তুলে নিয়েছে। তোলাবাজ ভাইপোর এক নম্বর কালেক্টর হল এই সুমিত রায়, তাকে আজ সিআইডি গ্রেফতার করেছে।”
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও সুমিত রায়ের গ্রেফতারিকে তাৎপর্যপূর্ণ বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, “কান টানলে মাথা আসবে।” সুকান্ত বলেন, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর সুমিত রায়ের গ্রেফতারি স্বাভাবিকই ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি একাধিক কাজ করতেন বলেও দাবি করেন সুকান্ত।
তাঁর আরও বক্তব্য, সুমিত রায়ের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর কথায়, “গ্রেফতারি হয়েছে ঠিকই, তবে সবে তো কান এসেছে। এবার মাথাও আসবে। মাথা তো ক্যামাক স্ট্রিটে বসে আছে।”






