চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত ২ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়েই থাকলো । ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৬৫ রান তোলে, তবে তিলক ভার্মার অপরাজিত ৭২ রানের ইনিংস ভারতকে শেষ ওভারে জয় এনে দেয়।
ইংল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের লড়াই ছিল তীব্র। তিলক যখন উইকেটে আসেন, তখন ভারত ২৮ রানে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল। সেখান থেকে ৩৯ বলে হাফ সেঞ্চুরি করে দলকে পথ দেখান তিনি। শেষ দিকে রবি বিষ্ণোই , তিলকের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তিলকের ব্যাটিং ছিল ধৈর্যশীল ও পরিকল্পনামাফিক।
এর আগে ইংল্যান্ডের হয়ে জস বাটলার ৪৫ রান করে ভালো শুরু এনে দিলেও ভারতীয় স্পিনারদের সামনে ইংলিশ মিডল অর্ডার ভেঙে পড়ে। অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। শেষদিকে ব্রাইডন কার্সের ক্যামিও (৩০) ইংল্যান্ডকে লড়াকু স্কোরে পৌঁছাতে সাহায্য করে।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান, যা ঠাণ্ডা মাথায় মিটিয়ে দেন তিলক। এই জয়ে ভারত সিরিজে ২-০ এ এগিয়ে থাকলো। তিলকের ইনিংস দলকে আত্মবিশ্বাস দিলেও ইংল্যান্ডের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংও প্রশংসার দাবিদার।







