শেষ চারের লড়াইয়ে অভিজ্ঞতা আর ধারাবাহিকতা—দু’দিকেই এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু আইপিএলের ইতিহাস বারবার দেখিয়েছে, এমন ম্যাচে একটিবারের ব্যর্থতাই উলটে দিতে পারে সমীকরণ। সেই আশাতেই আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। কোয়ালিফায়ার টু-তে জিতলেই ফাইনাল, হারলেই বিদায়। তাই কার্যত সেমিফাইনাল এই ম্যাচে শ্রেয়স আইয়ারের দলকে কড়া পরীক্ষার মুখে ফেলতে চলেছেন হার্দিক পান্ডিয়ারা।
শ্রেয়সের পাঞ্জাব প্রথম কোয়ালিফায়ারে ব্যাঙ্গালোরের কাছে কার্যত আত্মসমর্পণ করেছিল। ব্যাটে-বলে নিস্তেজ পারফরম্যান্সে হতাশ হয়েছিল শিবির। সেই দুঃস্বপ্ন ভুলে নতুন উদ্যমে নামতে হবে আজ। চোটের জন্য দলে নেই মার্কো জানসেন, চাহালকেও পায়নি তারা। বল হাতে অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে অর্জদীপ সিংকে। ব্যাটিংয়ে প্রভসিমরণ ও প্রিয়াংশের জুটি কীভাবে শুরু করেন, সেটাই বড় প্রশ্ন।
অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স যেন ছন্দে থাকা পুরনো চ্যাম্পিয়নের ছায়া। রোহিত শর্মা আবার জ্বলে উঠেছেন গুজরাটের বিরুদ্ধে। সূর্যকুমার যাদব, তিলক বর্মা, বুমরাহ, পান্ডিয়া—ভারতীয় তারকাদের সমন্বয়ে তৈরি দল নিখুঁত ছন্দে। বোলিংয়ে বুমরাহর বিচক্ষণতা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে যেকোনও সময়।
তবে পাঞ্জাবের আশা, একটিমাত্র খারাপ দিনই হয়তো কেড়ে নিয়েছে প্রথম সুযোগটা। আজ আর ভুলের জায়গা নেই। মুম্বইয়ের বিরুদ্ধে আগেই জয় আছে তাঁদের খাতায়। সেই আত্মবিশ্বাসেই শিবিরে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই। বড় ম্যাচে অঘটনের ইতিহাস রচনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।







