আগামীকাল মঙ্গলবার ২৮ শে জানুয়ারী রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। সিরিজ জয় নিশ্চিত করে প্রধান লক্ষ্য ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের। অপরাজেয় মনোভাব নিয়ে ভারতীয় দল এখন বিশ্বের যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। গত জুনে টি-২০ বিশ্বকাপ জয়ের পর থেকে ১৭ ম্যাচে ১৫ জয় এবং মাত্র ২ হার, যা সাফল্যের স্পষ্ট প্রমাণ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটি এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার দুর্দান্ত ফর্মের কারণে প্রথম একাদশে যশস্বী জয়সওয়ালের স্থান পাওয়া এখন কঠিন। বুমরাহ ও কুলদীপ যাদব ফিরলে দলের শক্তি আরও বাড়বে।
অপরদিকে, ইংল্যান্ডের জন্য সময়টা ঠিক অনুকূল নয়। ২০১৯ ও ২০২২-এর বিশ্বকাপ সাফল্য ভুলিয়ে দিয়েছে সাম্প্রতিক ব্যর্থতাগুলি। জস বাটলারের নেতৃত্বে দল একের পর এক ধাক্কা খেয়েছে, যার মধ্যে রয়েছে ২০২৩-এর ওডিআই বিশ্বকাপ ও ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের হতাশাজনক ফলাফল। ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে নতুন অধ্যায় শুরু হলেও ভারতে সিরিজ হার ইংল্যান্ডের সংকট আরও বাড়াতে পারে।
ইংল্যান্ডের বোলিং আক্রমণে জোফ্রা আর্চারের আগুনে গতি ও মার্ক উডের আক্রমণাত্মক বোলিং কিছুটা আশার আলো দেখাচ্ছে। তবে ব্যাটিংয়ের ব্যর্থতা তাদের সবচেয়ে বড় চিন্তার কারণ।
রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে রান বন্যা হওয়ার সম্ভাবনা প্রবল। সমতল পিচ ও শিশিরের প্রভাব টসকে করে তুলবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় দলের দাপট অব্যাহত থাকলে, ইংল্যান্ডের জন্য সিরিজে টিকে থাকা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।







