দিঘার নতুন জগন্নাথ মন্দির এখন দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির, যেখানে সহজেই দর্শনার্থীরা জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার দর্শন লাভ করতে পারেন। রাজস্থানের গোলাপি বেলেপাথরে নির্মিত এই মন্দিরের নকশা ও কারুকার্য ভক্তদের মন কেড়েছে। প্রায় ৮০০ রাজস্থানি কারিগর এই বিশাল মন্দির নির্মাণে অংশ নেন।
মন্দিরে প্রবেশের সময়ই চোখে পড়ে ৩৪ ফুট উঁচু কালো পাথরের ১৮ মুখী অরুণ স্তম্ভ, যার শীর্ষে রয়েছে অরুণা মূর্তি। পুরীর ধাঁচে চারটি প্রবেশদ্বার—সিংহ, ব্যাঘ্র, হস্তি ও অশ্বদ্বার—থেকে যেকোনোটি দিয়ে প্রবেশ করা যায়। অভ্যন্তরে রয়েছে ভোগ মণ্ডপ, নাটমন্দির, জগমোহন ও গর্ভগৃহ। গর্ভগৃহেই মূল বিগ্রহের অবস্থান।
মন্দিরের দেওয়ালে খোদাই করা দশাবতার মূর্তি, গরুড় স্তম্ভ ও বিশদ কারুকার্য দৃষ্টিনন্দন। দর্শনার্থীদের জন্য রয়েছে আলাদা ভোগশালা ও সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা। পুণ্যার্থীরা জানাচ্ছেন, মন্দিরে পুজো দিতে বিশেষ সময় লাগছে না এবং তাঁরা অত্যন্ত সন্তুষ্ট।
বুধবার, অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরটির উদ্বোধন করেন। এই মন্দির এখন দিঘার আধ্যাত্মিক ও পর্যটন মানচিত্রে এক নতুন চমক।







