তারাতলার নির্মীয়মাণ তিনতলা গোডাউন ধসের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক উদ্বেগজনক তথ্য। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নির্মাণ ব্যয় কমানোর উদ্দেশ্যে নিম্নমানের লোহার রড ও অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয়েছিল, যা ভয়াবহ বিপর্যয়ের অন্যতম কারণ হতে পারে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, গোডাউন নির্মাণে লোহার রডের জন্য প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ ছিল। তবে তদন্তকারী আধিকারিকদের হিসাব বলছে, প্রকল্পের আকার অনুযায়ী এই বরাদ্দ যথেষ্ট ছিল না। সেই ঘাটতি মেটাতেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে ধ্বংসস্তূপে এখনও কতজন শ্রমিক আটকে রয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। কারণ, কর্মরত শ্রমিকদের কোনও নির্দিষ্ট নথি বা হাজিরার খাতা পাওয়া যায়নি। ফলে নিখোঁজের প্রকৃত সংখ্যা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।
ঘটনায় ইতিমধ্যেই নির্মাণ সংস্থার মালিক, সুপারভাইজার, ফ্যাব্রিকেটর, শ্রমিক সরবরাহকারী-সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং খুনের চেষ্টাসহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। আদালত ধৃতদের ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
তদন্তে আরও জানা যাচ্ছে, গোডাউনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, নির্মাণ পরিকল্পনার যথাযথ পরীক্ষা না করেই অনুমোদন দেওয়া হয়েছিল। পাশাপাশি, আয়ান ট্রেডার্সের পূর্ব অভিজ্ঞতা এবং অভিযুক্তদের অতীত অপরাধমূলক রেকর্ডও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
পুলিশ জানিয়েছে, গোটা নির্মাণ প্রক্রিয়ায় আর্থিক অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার এবং প্রশাসনিক গাফিলতির কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে সূত্রের খবর।







