বিনোদন

মুক্তির আগেই আইনি জটে ‘ক্যুইন ২’, ২৫০ কোটির মামলায় নতুন চাপে কঙ্গনা

বলিউডে কঙ্গনা রানাউতের প্রত্যাবর্তনের অন্যতম বড় বাজি ছিল ‘ক্যুইন ২’। প্রথম ছবির বিপুল সাফল্যের পর বহু বছর অপেক্ষার শেষে সিক্যুয়েল তৈরির কাজ প্রায় শেষ হলেও মুক্তির আগেই বড় আইনি বিতর্কে জড়িয়ে পড়েছে ছবিটি। অভিযোগ, যথাযথ অনুমতি ছাড়াই ‘ক্যুইন’-এর মেধাস্বত্ব ব্যবহার করে সিক্যুয়েল নির্মাণ করা হয়েছে।

জানা গিয়েছে, ‘ক্যুইন’-এর প্রথম ছবির সঙ্গে যুক্ত প্রযোজনা সংস্থা ফ্যান্টম স্টুডিওস ‘জিওস্টার’ এবং পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে ২৫০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা দায়ের করেছে। সংস্থার দাবি, একাধিকবার আপত্তি জানানো এবং আইনি নোটিস পাঠানো হলেও নির্মাতারা কোনও ইতিবাচক সাড়া দেননি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে তাদের বক্তব্য।

সূত্রের খবর, জুন মাসেই ‘ক্যুইন ২’-এর শুটিং শেষ হয়েছে। এরপরই মামলা দায়ের হওয়ায় ছবির মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মামলার জেরে ভবিষ্যতে ছবির মুক্তির সময়সূচি বা অন্যান্য পরিকল্পনায় প্রভাব পড়তে পারে বলেই মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ।

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্যুইন’ ছিল কঙ্গনা রানাউতের কেরিয়ারের অন্যতম সফল ছবি। একা ইউরোপ সফরে বেরিয়ে পড়া এক তরুণীর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প দর্শক ও সমালোচকদের সমানভাবে মুগ্ধ করেছিল। সেই জনপ্রিয় চরিত্র ‘রানি’-কেই নতুন আঙ্গিকে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল সিক্যুয়েলে।

তবে এবার ছবির গল্পের থেকেও বেশি আলোচনায় উঠে এসেছে আইনি লড়াই। আদালতের রায় না আসা পর্যন্ত ‘ক্যুইন ২’-এর ভবিষ্যৎ কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে বলিউড মহলের। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে একাধিক ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এই সিক্যুয়েলকে ঘিরে কঙ্গনার প্রত্যাবর্তনের আশা কতটা বাস্তবায়িত হবে, সেটাও এখন বড় প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.