শুটিং সেটে আহত বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধা বর্তমানে পরিচালক লক্ষ্মণ উতরেকর পরিচালিত মহারাষ্ট্রের জনপ্রিয় তামাশা শিল্পী বীথাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকারের বায়োপিক‘এথা’র শুটিং করছিলেন। এই চরিত্র আত্মস্থ করতে মাসখানেক ধরে কড়া হোমওয়ার্ক করছিলেন শ্রদ্ধা। সেই ছবির সেটেই নাচ করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান অভিনেত্রী।
জানা গিয়েছে, গত সপ্তাহে‘এথা’র শুটিং শুরু করেছিলেন শ্রদ্ধা। এবং সেটেই ঘটল বিপত্তি। কিংবদন্তী তামাশা শিল্পী বীথাবাঈয়ের বিখ্যাত লোকনৃত্য‘লাবণী’স্টাইলে নাচতে গিয়ে গুরুতর চোট পেলেন শ্রদ্ধা কাপুর। নাচ করার সময় অভিনেত্রী শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলত পড়ে গিয়ে অভিনেত্রীর বাঁ পায়ের আঙুল ভেঙে যায়।
আসলে‘লাবণী’নৃত্যশৈলীতে ছন্দের সঙ্গে দ্রুতগতিতে নাচতে গিয়ে এই বিপত্তির মুখে পড়েন অভিনেত্রী। অজয়-অতুলের সুর করা গানে ডান্সস্টেপ প্র্যাকটিস করছিলেন অভিনেত্রী। সেসময়ে অভিনেত্রীর পরনে ছিল ভারী কাজের নওভারী শাড়ি, গা ভর্তি ভারী গয়না এবং পেল্লাই আকৃতির কোমরবন্ধ। এই কারণেই নাচতে গিয়ে ভারসাম্য রক্ষা করতে পারেননি। তৎক্ষণাৎ শুটিং বন্ধ করতে বাধ্য হন পরিচালক লক্ষ্মণ। জানা গিয়েছে, এই চরিত্রের জন্য ১৫ কেজি ওজনও নাকি বাড়িয়েছেন শ্রদ্ধা।







