শুক্রবার মুক্তি পাচ্ছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’। মুক্তির আগেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে একের পর এক বিতর্ক। কলকাতায় ট্রেলার লঞ্চ অনুষ্ঠান বাতিল হওয়া থেকে শুরু করে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের বক্তব্য, সবকিছু নিয়েই সমালোচনার ঝড় বয়ে যায়। শাশ্বত জানিয়েছিলেন, শুটিংয়ের সময় ছবির গল্প বা নাম বদলের বিষয়ে তিনি কিছুই জানতেন না। এই মন্তব্যের জেরে তাঁকে ভীতু বলে কটাক্ষ করেছিলেন পরিচালক বিবেক এবং তাঁর স্ত্রী অভিনেত্রী পল্লবী যোশি।
তবে শুধু শাশ্বত নন, বিতর্কে জড়ান টলিউডের জনপ্রিয় মুখ সৌরভ দাসও। ছবিতে তিনি গোপাল পাঁঠার চরিত্রে অভিনয় করেছেন। সমালোচনার মাঝেই সম্প্রতি সৌরভকে দেখা গেল সরাসরি বিবেক অগ্নিহোত্রীর বাড়িতে। জাতীয় স্তরের সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যায়, সৌরভ বিবেকের পা ছুঁয়ে প্রণাম করছেন। পরিচালকও তাঁকে সাদর অভ্যর্থনা জানিয়ে বলেন,”সৌরভ দাস বাংলার সুপারস্টার, দুর্দান্ত অভিনেতা। বাংলায় বহু মানুষই চেয়েছেন তাঁকে আমার ছবিতে নিয়মিত দেখতে।”
অভিনেতা সৌরভ দাস অবশ্য স্পষ্ট করেছেন, তিনি চরিত্র বেছে নিয়েছেন অভিনেতা হিসেবে, ছবির রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্ত হতে নয়। এক সাক্ষাৎকারে সৌরভ বলেন,”আমি জানতাম আমাকে গোপাল পাঁঠার চরিত্রে অভিনয় করতে হবে, তবে পুরো চিত্রনাট্য সম্পর্কে অবগত ছিলাম না। আজকাল এভাবেই কাজ হয়, অভিনেতাকে তাঁর চরিত্রের সঙ্গেই পরিচিত করানো হয়।”
তিনি আরও যোগ করেন,”যদি আমি হিটলারের চরিত্রে অভিনয় করি, তাতে এই বোঝানো যায় না যে আমি নাৎজ্জিদের সমর্থন করি। গোপাল পাঁঠা একটি শক্তিশালী চরিত্র এবং বলিউড ছবিতে কাজের অভিজ্ঞতা আমার জন্য দারুণ।” সব মিলিয়ে ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে টলিউড ও বলিউড মহল। এখন দেখার বিষয়, ছবি মুক্তির পর দর্শক কেমন প্রতিক্রিয়া জানায়।







