দেশ

জাতীয় গেমসে সোনাজয়ী ভারোত্তোলকের মর্মান্তিক মৃত্যু, ২৭০ কেজির রড কেড়ে নিল প্রাণ

রাজস্থানের বিকানেরে প্রশিক্ষণ চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জাতীয় গেমসে স্বর্ণপদকজয়ী ভারোত্তোলক ষষ্ঠিকা আচার্য। মাত্র ১৭ বছর বয়সেই থেমে গেল এক উজ্জ্বল প্রতিভার পথচলা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)। বিকানেরের একটি জিমে প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নিচ্ছিলেন ষষ্ঠিকা। হঠাৎই ২৭০ কেজি ওজনের একটি লোহার রড ঘাড়ে তুলতে গিয়ে পড়ে যান তিনি। ওই বিশাল ওজনের ভার সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন প্রতিভাবান এই ভারোত্তোলক।
তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে ষষ্ঠিকার। ময়নাতদন্ত শেষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ষষ্ঠিকার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
বিকানেরের নয়া শহর থানার আধিকারিক (এসএইচও) বিক্রম তিওয়ারি সাংবাদিকদের জানান, “গতকাল এক জিমে প্রশিক্ষকের অধীনেই প্রশিক্ষণ নিচ্ছিলেন জাতীয় গেমসে সোনা জয়ী ষষ্ঠিকা। ওই প্রশিক্ষণ চলাকালীনই আচমকা তাঁর ঘাড়ে ২৭০ কেজি ওজনের একটি লোহার রড পড়ে। ওই ভার নিতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন ১৭ বছর বয়সী ভারোত্তোলক। প্রশিক্ষকও আহত হন। দু’জনকেই তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে ষষ্ঠিকার। ওই মর্মান্তিক ঘটনার জন্য নিহত ভারোত্তোলকের পরিবারের তরফে কারও বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়নি। ময়নাতদন্ত শেষে বুধবার ষষ্ঠিকার দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।”
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, স্ট্যান্ডে থাকা ২৭০ কেজি ওজনের লোহার রড ঘাড়ে তোলার চেষ্টা করছেন ষষ্ঠিকা। পিছনে দাঁড়িয়ে সাহায্য করছেন প্রশিক্ষক। আশেপাশে থাকা অন্যান্য খেলোয়াড়রা অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছেন ষষ্ঠিকার পানে। স্ট্যান্ডে থাকা ওই রড ঘাড়ে তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান ষষ্ঠিকা। কোনোক্রমে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন প্রশিক্ষক।
খেলার দুনিয়ায় খেলতে গিয়ে কিংবা প্রশিক্ষণ নিতে গিয়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। ২০১৪ সালে শন অ্যাবটের বাউন্সার মাথায় আঘাত করায় মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার পল হিউজেস। ষষ্ঠিকার মর্মান্তিক মৃত্যু আরও একবার খেলার জগতে নিরাপত্তার অভাবকে সামনে আনল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.