ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে অশান্তির আঁচ সবচেয়ে বেশি লেগেছিল মুর্শিদাবাদের কিছু এলাকায়, বিশেষ করে সুতি ও সামশেরগঞ্জে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে বহু সাধারণ মানুষকে রাতারাতি এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালাতে হয়। প্রশাসনের পক্ষ থেকেও ওই সময় পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল।
এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে প্রশাসনিক সভায় অংশ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বার্তা দিয়েছিলেন। সেই সময়ই তিনি নতুন একটি মহকুমা গঠনের প্রতিশ্রুতি দেন, যা বাস্তবায়িত হল কয়েক মাসের মধ্যেই।
সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকার ফরাক্কা মহকুমা গঠনের সিদ্ধান্তে সিলমোহর দেয়। নতুন এই মহকুমায় জঙ্গিপুর মহকুমার অন্তর্গত চারটি ব্লক—ফরাক্কা, সুতি ১, সুতি ২ এবং সামশেরগঞ্জ—কে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, নতুন মহকুমা গঠনের ফলে আইনশৃঙ্খলা রক্ষা, পুলিশি নজরদারি ও দ্রুত সমস্যা সমাধানের পথে বড় পদক্ষেপ হবে।
নবান্ন জানিয়েছে, ফরাক্কা মহকুমা গঠনের সঙ্গে সঙ্গে প্রায় ১০৯টি নতুন পদও তৈরি করা হয়েছে, যা প্রশাসনিক পরিকাঠামো আরও শক্তিশালী করবে।
বিশেষজ্ঞদের মতে, ওয়াকফ আন্দোলনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। মুর্শিদাবাদের অশান্ত এলাকাগুলিকে বিশেষ নজরে রেখে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের ব্যবস্থা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে মুর্শিদাবাদবাসী ‘প্রয়োজনীয় ও সময়োচিত’ বলেই দেখছেন।







