ব্রাজিলিয়ান লিগের ম্যাচে মাত্র তিন সেকেন্ডের মাথায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেন ক্রুজেইরোর স্ট্রাইকার রাফা সিলভা, যা ফুটবল ইতিহাসে দ্রুততম বিদায়গুলোর মধ্যে অন্যতম। এই অস্বাভাবিক ঘটনায় শনিবার ক্রুজেইরোকে ৩-০ গোলে পরাজিত করে আতলেতিকো পারানায়েন্স।
ম্যাচ শুরুর সাথে সাথেই আতলেতিকোর খেলোয়াড় কাইকি রোচাকে কনুই দিয়ে আঘাত করেন ৩২ বছর বয়সী সিলভা। রেফারি রদ্রিগো হোসে পেরেইরা দে লিমা তৎক্ষণাৎ তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। ম্যাচের বাকি সময় এক খেলোয়াড় কম নিয়ে খেলতে থাকা ক্রুজেইরো শেষ পর্যন্ত ৩-০ গোলে হার মানে।
এই পরাজয়ে আট নম্বরে থাকা ক্রুজেইরোর কোপা লিবার্তাদোরেসে সরাসরি খেলার আশা অনেকটাই ম্লান হলো। বিপরীতে, আতলেতিকো পারানায়েন্সের পয়েন্ট বেড়ে উঠে এলো ১৫তম স্থানে, যা তাদের অবনমন এড়ানোর লড়াইয়ে সাহস যোগাবে।
২০০৭ সালে শেফিল্ড ইউনাইটেডের কিথ গিলেসপি রিডিংয়ের বিপক্ষে শূন্য সেকেন্ডে লাল কার্ড পেয়েছিলেন। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এই খেলোয়াড় বেঞ্চ থেকে নেমেই প্রতিপক্ষকে কনুই মারেন, তবে খেলা তখনো শুরু হয়নি।







