বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এবারও জয়ের মুখ দেখল না স্মৃতি মান্ধনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ২০২৫-এ নিজেদের পঞ্চম ম্যাচে ছয় উইকেটে হার মানতে হলো স্মৃতি মন্ধানাদের। গুজরাট জায়ান্টস (জিজি) এই জয়ে শুধু নিজেদের হারের বৃত্ত ভাঙল না, বরং প্লে-অফের দৌড়ে লড়াইটাও জমিয়ে তুলল।
মাত্র ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একদমই সুবিধার হয়নি গুজরাটের। রেণুকা সিংয়ের দাপটে মাত্র ৩২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে এরপরই হাল ধরেন অ্যাশলে গার্ডনার। নবম ওভারে প্রমা রাওয়াতকে এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে পাল্টে দেন ম্যাচের গতিপথ। ২৮ বলে হাফ-সেঞ্চুরি করে ৫৮ রানে আউট হন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন ফোবি লিচফিল্ড (৩০*)।
এর আগে প্রথমে ব্যাটিং করে বেঙ্গালুরু মাত্র ১২৫ রান তুলতে পারে। প্রথম ওভারেই ড্যানি ওয়ায়াট-হজ আউট হলে ব্যাটিং বিপর্যয়ের সূচনা। এলিস পেরি, যিনি টানা দুর্দান্ত ফর্মে ছিলেন, এবার শূন্য রানে বিদায় নেন। মন্ধানা (২০ বলে ১০) চাপে পড়ে গিয়ে স্পিনে আবারও ব্যর্থ হন।
তবে কনিকা অহুজার ৩৩ রানের ঝোড়ো ইনিংস কিছুটা লড়াইয়ের রসদ জোগায় বেঙ্গালুরুকে। কিন্তু তা যথেষ্ট ছিল না। গুজরাটের তনুজা কাঁওয়ার ও দেউন্দ্রা ডটিন দুটি করে উইকেট নেন।
শেষ পর্যন্ত গার্ডনার-লিচফিল্ডের ঝড়ে সহজেই ২১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় গুজরাট, যা তাদের নেট রান-রেটেও বড় সুবিধা এনে দিল। এই জয়ে চার পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু, গুজরাট ও ইউপি ওয়ারিয়র্স সমান অবস্থানে চলে এল, ফলে প্লে-অফের লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠল।







