দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান রাশি ভ্যান ডার ডুসেন মানছেন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে পারে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। ৩৬ বছর বয়সী এই ব্যাটার বর্তমানে শুধুমাত্র একদিনের ক্রিকেটে জাতীয় দলের অংশ, এবং তরুণদের উত্থানের কারণে তার জায়গা ধরে রাখার লড়াইটা কঠিন হয়ে উঠছে।
ডুসেনের সাম্প্রতিক ফর্মও অনিশ্চয়তা বাড়িয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ৫২ রান করার আগে টানা দশ ইনিংসে তিনি কোনো ফিফটি পাননি, এবং শেষ সেঞ্চুরির পর কেটেছে ১৩ ইনিংস। দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারে তেম্বা বাভুমার সঙ্গী হিসেবে রিকেলটন ও ডি জর্জির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তাকে টিকে থাকতে হবে।
তবে ডুসেন এখনই অবসর নিয়ে ভাবছেন না। তার জাতীয় চুক্তি এপ্রিলের শেষ পর্যন্ত থাকলেও তিনি নিশ্চিত করেছেন, সুযোগ পেলে আরও কিছুদিন খেলে যেতে চান। তিনি বলেন, “আমার মূল লক্ষ্য সবসময় প্রোটিয়াদের হয়ে খেলা। লিগে খেলার প্রস্তাব পেলেও, জাতীয় দলের ডাক আমার কাছে সবার আগে।”
এদিকে, তরুণ প্রতিভাদের মধ্যে ট্রিস্টান স্টাবস, টনি ডি জর্জি ও রায়ান রিকেলটন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন এবং ভবিষ্যতের স্কোয়াডে তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে পারে। ডুসেন নিজেও জানেন, ফর্ম না থাকলে তার জায়গা নেবে তরুণরা।
তিনি লিগ ক্রিকেটকেও উপেক্ষা করছেন না, তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের উপস্থিতি যতদিন সম্ভব ধরে রাখতে চান। আগামী দুই বছরে দক্ষিণ আফ্রিকা ২০২৭ বিশ্বকাপের জন্য দল গঠন করবে, যেখানে তার ভূমিকা কী হবে, তা সময়ই বলে দেবে।







