রাজনীতি

‘সরাসরি শংকর’ কর্মসূচিতে জনতার ঢল, অভিযোগ-আবেদনে ভরল বিজেপি বিধায়কের দরবার

গতবারের মতো এবারও শিলিগুড়ি থেকে জয়ী হয়েছেন বিজেপি নেতা শংকর ঘোষ। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শোনার উদ্যোগ নিলেন তিনি। রবিবার থেকে শুরু হল তাঁর নতুন কর্মসূচি ‘সরাসরি শংকর’। প্রথম দিনেই শ’য়ে শ’য়ে মানুষ নিজেদের নানা সমস্যা ও অভিযোগ নিয়ে হাজির হন বিধায়কের দরবারে।

শিক্ষক নিয়োগে দুর্নীতি, জমি দখল, চাকরি সংক্রান্ত জটিলতা-সহ বিভিন্ন ইস্যু নিয়ে আবেদন জানান সাধারণ মানুষ। শুধু শিলিগুড়ি নয়, মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহার ও আলিপুরদুয়ার থেকেও বহু মানুষ এদিন উপস্থিত হন।

রবিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত শিলিগুড়ির বাঘাযতীন পার্কে চলে এই কর্মসূচি। সরকারের দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল শংকর ঘোষের প্রথম জনতার দরবার। দূরদূরান্ত থেকে মানুষ এসে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন তাঁর সামনে। প্রথম দিনেই বিপুল সংখ্যক অভিযোগ ও দাবিদাওয়া জমা পড়ে। অনেকেই আবার বিধায়ককে শুভেচ্ছা জানাতে পদ্মফুল উপহার দেন।

পুলিশ, শিক্ষক-সহ বিভিন্ন পেশার মানুষের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে তাঁরা নানা ভাবে বঞ্চিত ও প্রতারিত হয়েছেন। বহু দফতরে ঘুরেও সমস্যার সমাধান হয়নি বলেও দাবি করেন তাঁরা। অনেকেই জানান, আগে ‘মেয়রকে বলো’ কর্মসূচিতেও অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনও লাভ হয়নি।

শিলিগুড়ির বাসিন্দা সুবর্ণা সাহা বলেন, তাঁর মায়ের নামে থাকা জমি ভাড়া দেওয়ার পর সেটি অন্য একজনের নামে বিক্রি হয়ে যায় বলে জানতে পারেন। দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগলেও কোনও সমাধান হয়নি। তাই এবার তিনি শংকর ঘোষের দ্বারস্থ হয়েছেন।

অন্যদিকে, মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা শুভাশিস মান্নার দাবি, কোনও দুর্নীতিতে জড়িত না থাকলেও ২০১৬ সালের প্যানেলের সঙ্গে তাঁদের চাকরিও বাতিল হয়েছে। তিনি বলেন, সেই সময় শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে থাকার। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী হওয়ায়, তাঁর প্রতিনিধির কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। দ্রুত বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনার আশ্বাসও মিলেছে বলে জানান তিনি।

বিধায়ক শংকর ঘোষ বলেন, গত ১৫ বছরে রাজ্যের মানুষ সঠিক বিচার পাননি। বর্তমান সরকার সাধারণ মানুষের সমস্যা ও দুর্ভোগ দূর করতে বদ্ধপরিকর। তিনি আশ্বাস দেন, মানুষের অভিযোগের সমাধানের জন্য সর্বতোভাবে চেষ্টা করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.