আজ বুধবার, ১০ সেপ্টেম্বর দুবাইতে এশিয়া কাপ ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং সংযুক্ত আরব আমিরাত (UAE)। ম্যাচটি দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার কারণে ভারতের জন্য এটি চ্যালেঞ্জের হতে চলেছে। ঘরের মাঠে খেলে UAE যে চাপ তৈরি করতে চাইবে, তা বলাই বাহুল্য।
অভিষেক-গিলের নতুন ওপেনিং জুটি
এই ম্যাচে ওপেনিংয়ে সঞ্জু স্যামসনকে না রেখে নামানো হতে পারে অভিষেক শর্মা ও শুভমান গিলকে। গিল ভাইস ক্যাপ্টেন হওয়ায় তাকে সরানো কার্যত অসম্ভব। অন্যদিকে, অভিষেকের আক্রমণাত্মক ব্যাটিং ইতিমধ্যেই তাঁকে আইসিসি’র সেরা টি–টোয়েন্টি ব্যাটসম্যানের জায়গায় তুলেছে। ফলে এশিয়া কাপে এই দুই তরুণ ব্যাটসম্যানকে একসাথে ওপেন করতে দেখা যেতে পারে।
মিডল অর্ডারের ভরসা
তৃতীয় নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে ফর্মে থাকা তিলক ভার্মাকে। মাত্র ১৩ ম্যাচে ৪৪৩ রান করে তিনি বর্তমানে দ্বিতীয় সেরা টি–টোয়েন্টি ব্যাটসম্যান। তার পরেই ৪ নম্বরে থাকবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। অভিজ্ঞ সূর্যর দায়িত্ব হবে দলের ইনিংস গড়ে তোলা।
অলরাউন্ডার হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া, যিনি ব্যাট ও বল—দুটোতেই কার্যকরী। দলে থাকছেন অক্ষর প্যাটেলও, যাকে রাখা মানে অধিনায়ক সূর্যের হাতে বাড়তি ভরসা।
সঞ্জু ও রিংকুর নতুন দায়িত্ব
যদিও ওপেনিং থেকে সরানো হয়েছে সঞ্জুকে, এবার তাকে ফিনিশার হিসেবে ব্যবহার করা হতে পারে। এছাড়া অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে জায়গা পাচ্ছেন রিংকু সিং।
বোলিং বিভাগ
বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গী হবেন অর্শদীপ সিং। স্পিন বিভাগের দায়িত্বে থাকতে পারেন বরুণ চক্রবর্তী।
সম্ভাব্য ভারতীয় একাদশ বনাম UAE
অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।







