রেশন বন্টন দুর্নীতি নিয়ে গোটা রাজ্য তোলপাড়। এর মধ্যেই রাস্তার ধার থেকে উদ্ধার বেশ কিছু ডিজিটাল রেশন কার্ড। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর। কে বা কারা ওই কার্ডগুলি ফেলে রেখে গিয়েছে তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। কার্ডগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। ১০ থেকে ১২টি বেওয়ারিশ রেশন কার্ড উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
নীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণ করতে গিয়ে স্থানীয় কিছু বাসিন্দারা দেখতে পান, যে রাস্তার ধারে থাকা একটি ঝোপের আড়ালে বেশকিছু ডিজিটাল রেশন কার্ড পড়ে রয়েছে। পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর দেয় রায়গঞ্জ থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ।
রাজ্যে একাধিক ভুয়ো রেশন কার্ড তৈরি হয়েছিল, সেগুলি ইতিমধ্যেই রাজ্য সরকারের খাদ্য দফতরের তরফে বাতিল করা হয়েছে। ভুয়ো রেশন কার্ড এবং রেশন বন্টন ব্যবস্থার গাফিলতি নিয়ে তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী উভয় শিবির। এর মধ্যে ফের রাস্তার ধারে ডিজিটাল রেশন কার্ড পড়ে থাকার ঘটনায় ফের প্রশ্নচিহ্ন-এর মুখে ফেলে দিল রাজ্যের রেশন ব্যবস্থার গাফিলতির বিষয়টিকে।







