দেশ

নতুন ওয়াকফ বোর্ডে দুই হিন্দু সদস্য, দেশের মধ্যে নজির গড়ল মধ্যপ্রদেশ

সংশোধিত ওয়াকফ আইনের আওতায় দেশের প্রথম রাজ্য হিসেবে নতুন ওয়াকফ বোর্ড গঠন করল মধ্যপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী মোহন যাদবের উদ্যোগে গঠিত ১০ সদস্যের এই বোর্ডে প্রথমবার দু’জন হিন্দু সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হয়েছেন সানওয়ার প্যাটেল। পাশাপাশি সদস্য হিসেবে জায়গা পেয়েছেন মনোজ মালপানি এবং অনিমেষ ভার্গব।

কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইন অনুযায়ী, বোর্ডের সব সদস্যের মুসলিম হওয়া আর বাধ্যতামূলক নয়। পাশাপাশি, ওয়াকফ বোর্ড গঠনের দায়িত্বও এখন রাজ্য সরকারের হাতে। নতুন বিধান অনুযায়ী, সর্বোচ্চ দু’জন অমুসলিম সদস্যকে বোর্ডে রাখা যেতে পারে। সেই আইনি সুযোগ ব্যবহার করেই মধ্যপ্রদেশ সরকার নতুন বোর্ডে দুই হিন্দু সদস্যকে অন্তর্ভুক্ত করেছে।

তবে এই সিদ্ধান্তকে ঘিরে বিরোধী দলগুলির আপত্তি অব্যাহত। তাদের দাবি, দেশের অন্যান্য ধর্মীয় বোর্ডে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্বের নজির নেই। হিন্দু বা শিখ ধর্মীয় বোর্ডে যেমন মুসলিম সদস্য থাকেন না, তেমনই ওয়াকফ বোর্ডেও অমুসলিমদের রাখা উচিত নয়। অন্যদিকে সরকারের বক্তব্য, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ওয়াকফ বোর্ড যদি বিভিন্ন ধর্মের মানুষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে সেখানে অমুসলিম সদস্য থাকারও সুযোগ থাকা উচিত। যদিও বিরোধীদের দাবি, ওয়াকফ বোর্ড মূলত একটি ধর্মীয় প্রতিষ্ঠান, তাই সেখানে অন্য ধর্মের প্রতিনিধিত্বের প্রশ্নই ওঠে না। তবে এই যুক্তির ভিত্তিতে সংশোধিত আইনের উপর স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।

নবগঠিত বোর্ডে একাধিক মহিলা সদস্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিজেপি নেত্রী নাজমা হেপতুল্লা, ফাইজান খান, ফতেমা চৌধুরী এবং সাহিস্তা সুলতান। যদিও মধ্যপ্রদেশ সরকারের এই পদক্ষেপ নিয়ে রাজ্যের একাংশ মুসলিম সমাজের মধ্যে অসন্তোষ ও বিরোধিতার সুর শোনা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.