খেলাধুলা

আইপিএলে নিষেধাজ্ঞার মুখে ব্রুক, সঠিক সিদ্ধান্ত বললেন কেকেআরের মইন আলি!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলোয়াড়দের শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করার প্রবণতা ঠেকাতে এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সেই নিয়মের বলি হতে চলেছেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার হ্যারি ব্রুক। পরপর দুই মরশুম আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণে তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে। তবে এই সিদ্ধান্তকে একেবারেই কঠোর মনে করছেন না অভিজ্ঞ অলরাউন্ডার মইন আলি, যিনি এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন।

সম্প্রতি ‘বিয়ার্ড বিফোর ক্রিকেট’ পডকাস্টে মইন বলেন, “নিয়মটি একেবারেই কঠোর নয়। অনেক খেলোয়াড় আগেও এমনটা করেছেন, তারপর ফিরে এসে বড় অঙ্কের চুক্তি করেছেন। কিন্তু এতে দলগুলোর সমস্যা হয়। দিল্লি ক্যাপিটালসের কথাই ধরুন, ব্রুকের না খেলার সিদ্ধান্ত তাদের পরিকল্পনায় বড়সড় ধাক্কা দিয়েছে।”

দিল্লি ক্যাপিটালস ২০২৫ সালের নিলামে ব্রুককে ৬.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল। কিন্তু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে জানানো হয়, বিশ্রামের প্রয়োজনীয়তার কারণ দেখিয়ে ব্রুক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও আইপিএলের নিয়ম অনুযায়ী, ইনজুরি বা জরুরি পারিবারিক কারণ ছাড়া খেলোয়াড়দের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো নিষিদ্ধ।

মইন মনে করছেন, ব্রুকের এই সিদ্ধান্ত তাঁর ভবিষ্যৎ পরিকল্পনারই অংশ। ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলা ব্রুককে ভবিষ্যতে সীমিত ওভারের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইংল্যান্ডের সামনে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ এবং বছরের শেষে অ্যাশেজ রয়েছে, যা তাঁর বিশ্রামের কারণ হতে পারে। তবে আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, ব্রুককে ২০২৭ সাল পর্যন্ত নিলামে দেখা যাবে না, যা তাঁর ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে বড় প্রভাব ফেলতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.