ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই স্বস্তির খবর পেল রাজস্থান রয়্যালস। আঙুলের অস্ত্রোপচারের পর দলের সঙ্গে যোগ দিলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। তবে তার উইকেটকিপিং করা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। যদি তিনি পুরোপুরি সুস্থ না হন, তাহলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করতে পারেন ধ্রুব জুরেল।
প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন জোফ্রা আর্চারের একটি ডেলিভারিতে স্যামসনের আঙুলে চোট লাগে। এরপর তার অস্ত্রোপচার হয় এবং পুনর্বাসনের জন্য তিনি বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে সময় কাটান। যদিও তিনি ব্যাট হাতে কতটা প্রস্তুত, তা এখনও নিশ্চিত নয়।
এদিকে, রাজস্থান শিবিরে আরও একটি সুসংবাদ এসেছে। কাঁধের চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন অলরাউন্ডার রিয়ান পরাগ। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে না পারলেও রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বে দুর্দান্ত ফর্মে ফেরেন তিনি। সৌরাষ্ট্রের বিপক্ষে প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতেও ২৬ ওভার বোলিং করেন, যা তার সুস্থতারই প্রমাণ।
রাজস্থান রয়্যালস তাদের প্রথম ম্যাচ খেলবে হায়দরাবাদের বিপক্ষে। এরপর দলটি গুয়াহাটিতে দুটি ম্যাচ খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। তবে দলে স্যামসনের উপস্থিতি বাড়তি আত্মবিশ্বাস জোগাবে রাজস্থানকে, যদিও তার কিপিং করা নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে।







