জেলা

মূত্রনালিতে আটকে চুলের পিন, মেডিক্যালে বিরল অস্ত্রোপচারে সুস্থ ২৩ বছরের যুবক

মূত্রনালিতে বিদেশি বস্তু আটকে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। আর সেখানে যদি আটকে থাকে চুলের হেয়ার পিন, তবে তা চিকিৎসকদের কাছেও নজিরবিহীন। এমনই এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ২৩ বছরের এক যুবকের মূত্রনালি থেকে দুটি হেয়ার পিন সফলভাবে বের করলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাহেব সরকার নামে ওই যুবক তীব্র যন্ত্রণা এবং প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে চিকিৎসকেরা দেখতে পান, তাঁর মূত্রনালির ভিতরে দুটি হেয়ার পিন আটকে রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউরোলজি বিভাগের চিকিৎসক ডা. অমিত বড়ুয়ার নেতৃত্বে এবং ডা. আশুতোষ কুমারের সহযোগিতায় বিশেষ পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়। রোগীকে অ্যানাস্থেশিয়া দেওয়ার পর ‘থ্রি ও’ক্লক ইনসিশন’ প্রযুক্তি ব্যবহার করে নিরাপদে দুটি হেয়ার পিন বের করে আনা সম্ভব হয়।

চিকিৎসকদের মতে, মূত্রনালির বাইরের মুখ অত্যন্ত সরু ও সংবেদনশীল। তাই সেখানে কোনও বিদেশি বস্তু আটকে গেলে সরাসরি টেনে বের করার চেষ্টা করলে মারাত্মক ক্ষতি হতে পারে। এই কারণেই মূত্রনালির মুখে ঘড়ির কাঁটার তিনটার অবস্থানের দিকে একটি ছোট ছেদ করে পথটি সামান্য প্রশস্ত করা হয়, যাতে কোনও অতিরিক্ত ক্ষতি ছাড়াই বস্তুটি বের করা যায়।

কীভাবে হেয়ার পিন দুটি মূত্রনালির ভিতরে প্রবেশ করল, সে বিষয়ে যুবক স্পষ্ট করে কিছু জানাননি। তবে মনোরোগ বিশেষজ্ঞদের একাংশের মতে, কিছু মানসিক সমস্যার কারণে শরীরের নির্দিষ্ট অংশে বারবার হাত দেওয়া বা বিভিন্ন বস্তু প্রবেশ করানোর প্রবণতা দেখা যেতে পারে। যদিও সংশ্লিষ্ট যুবকের ক্ষেত্রে এমন কোনও রোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

চিকিৎসকদের দাবি, সাম্প্রতিক সময়ে এমন বিরল ঘটনা তাঁদের অভিজ্ঞতায় খুব কমই এসেছে। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.