আইপিএলে আজ বুধবার গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচকে ঘিরে আলাদা উত্তেজনা কারণ প্রথমবারের মতো আসামের তারকা ক্রিকেটার রিয়ান পরাগ রাজস্থানের নেতৃত্ব দেবেন। তবে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট ও বল হাতে দায়িত্ব পালন করা নিয়ে ভাবতে হবে তাঁকে। বিশেষ করে গত ম্যাচে দলের বোলিং বিপর্যয়ের পর।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রাজস্থানের বোলাররা ২৭৭ রান হজম করেছিল, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। যদিও সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার ও নবাগত শুভম দুবে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, তবু ম্যাচের লাগাম টানতে পারেননি। রিয়ান নিজেকে অলরাউন্ডার বললেও বল হাতে তাঁকে দেখা যায়নি। এই দুর্বলতা কাটাতে শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে একাদশে নেওয়া হতে পারে।
অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারলেও একাদশে বড় পরিবর্তন আনবে না। অধিনায়ক অজিঙ্ক রাহানে পেসারদের প্রতি আস্থা রাখছেন। তবে ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিংকু সিং ও রামানদীপ সিংয়ের ব্যাটিং ব্যর্থতা চিন্তায় ফেলেছে দলকে। রাসেল ফর্মে ফিরলে কেকেআরের ব্যাটিং গভীরতা বাড়বে।
বারসাপারা স্টেডিয়ামের উইকেট ব্যাটসম্যানদের সহায়ক। ২০০ রানের বেশি স্কোর এখানে হতে পারে, কারণ অতীতে ভারত ও দক্ষিণ আফ্রিকা এখানে ২০০ ছাড়ানো রান তুলেছিল।
কেকেআরের বিপক্ষে নামার আগে আসামের লোকাল বয় রিয়ান পরাগ বলেছেন, “এটি এক দীর্ঘ সফর। ১৭ বছর বয়সে এখানে ছিলাম। অধিনায়কত্ব বড় ব্যাপার নয়, কিন্তু দলের আস্থা পাওয়াটাই বড় ব্যাপার।” উল্টোদিকে নাইটদের বোলিং কোচ ভরত অরুণ আরসিবির ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি বলেন,”খেলায় ব্যর্থতা আসবেই। রাসেল দুর্দান্ত খেলোয়াড়, ও ফিরে আসার জন্য মরিয়া।”
সম্ভাব্য একাদশ:
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ (অধিনায়ক), নীতিশ রানা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, শুভম দুবে, জোফ্রা আর্চার, মাহীশ থিকশানা/ওয়ানিন্দু হাসারাঙ্গা, সন্দীপ শর্মা, ফজলহক ফারুকি, তুষার দেশপাণ্ডে/আকাশ মাধওয়াল।
কলকাতা নাইট রাইডার্স: কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, অঙ্কৃশ রঘুবংশী, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রামানদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সার জনসন/আনরিখ নরকিয়া, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।







