সাইবার ক্রাইমের জন্য নয়া ফাঁদ পেতেছে প্রতারকরা ! এতদিন ওটিপি শেয়ার করলে , আপনার সাথে স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকতো , কিন্তু এবার ওটিপি শেয়ার না করলেও প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকছে । ‘কল মার্জিং স্ক্যাম’ নামক একটি কৌশলের দ্বারা প্রতারকরা আপনার ওটিপি না জেনেও আপনার ফোন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টও হ্যাক করতে পারবে । এমনকি সিম কার্ড পর্যন্ত প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে । ইতিমধ্যেই সাধারণ মানুষকে সতর্ক করতে পশ্চিমবঙ্গ পুলিশও সমাজ মাধ্যমে এই বিষয়ে সতর্কবার্তা জারি করেছে ।
জলপাইগুড়ি জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত ও বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায় জানান , “এই প্রতারণায় অপরাধীরা কনফারেন্স কলের সুযোগ নেয়। আপনি হয়তো কিছু বুঝে ওঠার আগেই ওটিপি চলে যায় তাদের হাতে।” পুলিশের তরফে আরো জানানো হয় , ডিজিটাল দুনিয়ায় আপনারা প্রতিটি সময় কি পদক্ষেপ নিচ্ছেন কী সার্চ করছেন , কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কী কিনছেন -সবই তালিকাভুক্ত হয়। বিরাজ মুখোপাধ্যায় আরো জানান “এই তথ্য অল্প দামে বাজারে কেনা যায়। অপরাধীরা আপনার সম্পর্কে অনেক কিছুই জানে, যা আপনি ভাবতেও পারেন না” ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় , এই কল মার্জিং স্ক্যামে , আপনার কোনো চেনা ব্যক্তির নাম করে , আপনাকে প্রথমে নরমাল কল করা হয় , তারপর চেনা ব্যাক্তিকে কনফারেন্সে নেওয়ার নাম করে , অন্য আরেক প্রতারককেই কনফারেন্সে নেওয়ার হয় । এই প্রতারণা স্ক্যামে আপনি ফোন ধরতেই একটি ওটিপি আসে আপনার ফোনে। অপরাধী আগে থেকেই কনফারেন্স কলে যুক্ত থাকায় সেই ওটিপি হাতিয়ে নেয় এবং প্রতারণা করে ।







