কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে আজ দেখা গেল তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচার অভিযান। ভোটের ঠিক আগের দিন, রবিবার বিকেলে কালীগঞ্জের মাটিতে রীতিমতো ঝড় তুলল তৃণমূল। দলের প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে রোড শো করতে হাজির হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ জুন মালিয়া।
হুড খোলা গাড়িতে হুঙ্কার ছেড়ে শুরু হয় রোড শো—হাটগাছা পঞ্চায়েতের আসাচিয়া মোড় থেকে শুরু হয়ে কামারী পর্যন্ত চলে এই প্রচার অভিযান। রাস্তার দু’পাশে উৎসুক জনতার ঢল, ‘দিদিকে চাই’ স্লোগানে মুখর চারপাশ। একদিকে জুন মালিয়ার তারকা উপস্থিতি, অন্যদিকে ফিরহাদ হাকিমের রাজনৈতিক বক্তৃতা—সব মিলিয়ে জমে ওঠে শেষ লগ্নের এই প্রচার।
রোড শোর শেষে কামারীতে একটি জনসভায় বক্তব্য রাখেন ফিরহাদ হাকিম। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “ওরা শুধু ভাঙনের রাজনীতি বোঝে, উন্নয়নের কথা ভাবে না।” অন্যদিকে, জুন মালিয়ার হাসিমুখ ও উপস্থিতি নজর কেড়ে নেয় এলাকার মানুষজনের।
স্থানীয় তৃণমূল কর্মীদের উপস্থিতিও ছিল নজরকাড়া। মহিলা থেকে যুবক—সবাই হাতে তৃণমূলের পতাকা নিয়ে যোগ দেন এই রোড শোতে। স্পষ্ট, কালীগঞ্জের ভোটযুদ্ধে তৃণমূল শেষ মুহূর্তে একপ্রকার তারকা ছোঁয়া দিয়েই বাজিমাত করতে চাইছে।
আগামীকাল নির্বাচনী প্রচারের শেষ দিন। তার আগে আজকের এই জোরালো প্রচারে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল শিবির। এখন দেখার, ১৯ জুনের রায় কোনদিকে যায়।







