তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত এক বালি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার গয়না উদ্ধার করল পুলিশ। বীরভূমের মহম্মদবাজারে লগইন শেখের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় অভিযান শুরু করে পুলিশ। সন্ধ্যা ৬টা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই তল্লাশি। পুলিশ সূত্রে খবর, বাড়ি ও অফিস মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা নগদ এবং ৫০২ গ্রাম সোনার গয়না উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া অর্থ ও গয়নার উৎস জানতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তে সোহেল শেখ, লবান শেখ এবং সামিম শেখের নাম উঠে এসেছে। জানা গিয়েছে, তাঁরা বালি ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি একটি রাস্তা নির্মাণকারী ঠিকাদারি সংস্থার সঙ্গেও তাঁদের যোগাযোগ রয়েছে। এই ঘটনায় সামিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাঁকে সিউড়ি আদালতে পেশ করা হবে।
উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিজেপি সরকার। বিভিন্ন অভিযোগের তদন্তে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি বীরভূমের পাথর শিল্পে ডিআরসি (DCR) সংক্রান্ত অনিয়ম নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছিলেন সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, তৃণমূলের ১৫ বছরের শাসনকালে শুধুমাত্র বীরভূম জেলাতেই কয়েক হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরে আনার কথাও জানিয়েছিলেন।







