সুপারহিট ছবি ‘স্ত্রী’র জনা চরিত্রের মাধ্যমে প্রথম প্রশংসিত হয়েছিলেন। তারপর ‘পাতাললোক’ ওয়েব সিরিজের ‘হাতোড়া ত্যাগী’ হোক কিংবা ‘বেদা’ ছবির প্রধান খলনায়কের ভূমিকাই হোক না কেন সবেতেই দর্শকের মন জয় করেছিলেন তিনি। কথা হচ্ছে অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে। কিন্তু এবার কোনো হিন্দি ছবি বা ওয়েব সিরিজ নয় অভিষেক ডেবিউ করতে চলেছেন বাংলা ছবিতে।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে জন্ম অভিষেকের। ছোটো থেকেই অভিনয় তার নেশা। আর এই নেশাই তাঁকে নিয়ে গেছে সুদূর মুম্বই-এ। শুরুতে স্ট্রাগল তারপর একের পর এক কাজ। স্ত্রী-এর পর পিছন ফিরে তাকাতে হয়নি অভিষেককে। কিন্তু বাংলায় এতদিন কোনো কাজ করেনি অভিষেক। শেষ পর্যন্ত বাংলার ছেলে বাংলায় ফিরছে। পরিচালক সুমন ঘোষের আগামী ছবিতে কাজ করতে দেখা যাবে অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। চলতি বছর দুর্গাপুজোয় ছবির জন্য কলকাতায় আসতে পারেন অভিষেক। হিন্দির মতো বাংলা ছবিতেও অভিষেকের চমক দেখা যায় নাকি এবার সেটাই দেখার।







