ভাঙড়ে আবারও ধরা পড়ল গাঁজা পাচার চক্র। গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ও ভাঙড় ডিভিশনের ডিসি টিম যৌথ অভিযানে বাসন্তী হাইওয়ের বড়ালীঘাট এলাকায় আটক করা হয় একটি সাদা রঙের ট্যাক্সি। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় চার ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা।
পুলিশ সূত্রে খবর, কোচবিহার থেকে ট্রেনে করে ওই গাঁজা প্রথমে আনা হয় দমদম স্টেশনে। সেখান থেকে ট্যাক্সিতে করে উত্তর ২৪ পরগনার ঘুসিঘাটা এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক মহিলা, এক পুরুষ ও ট্যাক্সিচালক। তিনজনকেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গাঁজার বাজারমূল্য বিপুল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনায় তদন্ত চলছে ভাঙড় থানার পুলিশের তত্ত্বাবধানে।







