বীরভূমে ফের রাজনৈতিক তরঙ্গ। রাজ্যের শিক্ষক নিয়োগ কাণ্ডে এবার অযোগ্যদের তালিকায় উঠে এল বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ সুরজিত সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম। স্বাভাবিকভাবেই এই ঘটনায় সামনে এসেছে বিজেপি–তৃণমূল আঁতাতের তত্ত্ব।
বিজেপির দাবি: রাজনৈতিক ষড়যন্ত্র
লক্ষ্মী বিশ্বাস ছিলেন রামপুরহাট ১ নম্বর ব্লকের কুসুম্বা হাইস্কুলের শিক্ষিকা। তাঁর শ্বশুর অমিয় সরকার বিশ্ব হিন্দু পরিষদের রাজ্যস্তরের দায়িত্বে রয়েছেন। স্বামী সুরজিত সরকারের দাবি,
“স্ত্রী নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। তৃণমূল কৌশলগত কারণে নাম ঢুকিয়েছে অযোগ্যদের তালিকায়।”
বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা আরও এক ধাপ এগিয়ে বলেন,
“লক্ষ্মী বিশ্বাস যোগ্য হিসেবেই চাকরি পেয়েছিলেন। তৃণমূল নিজেদের পিঠ বাঁচাতে তাঁর নাম ঢুকিয়েছে। ক্ষমতা থাকলে সরকার ওএমআর মার্কশিট প্রকাশ করুক। যেই স্কুলে উনি শিক্ষকতা করতেন, সেই স্কুলের প্রধান শিক্ষক তৃণমূলের শিক্ষা সেলের নেতা। ব্যক্তিগত বিরোধের জেরেই এই ষড়যন্ত্র।”
তৃণমূল ঘনিষ্ঠ প্রধান শিক্ষকের পাল্টা বক্তব্য
অভিযোগের কেন্দ্রে থাকা কুসুম্বা হাইস্কুলের প্রধান শিক্ষক সন্দীপ মণ্ডল বলেন,
“লক্ষ্মী বিশ্বাস কলিঠা স্কুল থেকে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এসেছিলেন। আমরা কারও নাম পাঠাইনি। শিক্ষা দফতর যা করেছে, তার জন্য আমি দায়ী নই।”
সিপিএমের সরাসরি আক্রমণ
অন্যদিকে সিপিএমের জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মণ কড়া সুরে আক্রমণ শানান।
“আমরা আগেই বলেছি, বিজেপি আর তৃণমূল একে অপরের পরিপূরক। অযোগ্যদের তালিকা তারই প্রমাণ। দুই দল তলে তলে এক, মানুষকে বিভ্রান্ত করেই ভোট বৈতরণী পার হচ্ছে।”
আইনি লড়াইয়ে নামছে বিজেপি
বিজেপির তরফে জানানো হয়েছে, আইনের পথে লড়াই চালানো হবে। লক্ষ্মী বিশ্বাস আদালতের মাধ্যমেই প্রমাণ করবেন যে তিনি যোগ্য ছিলেন।







