আধুনিক জীবনের ব্যস্ততা, কর্মক্ষেত্রের চাপ, অনিয়মিত জীবনযাপন এবং উদ্বেগ এখন অনেকের নিত্যসঙ্গী। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের মানসিক চাপ শুধু মন নয়, শরীরের উপরও গভীর প্রভাব ফেলে। হজমের সমস্যা, মাইগ্রেন, হৃদ্রোগ, ওজন বৃদ্ধি-সহ একাধিক শারীরিক সমস্যার পাশাপাশি রক্তে শর্করার মাত্রাও বেড়ে যেতে পারে।
তবে প্রশ্ন হল, শুধুমাত্র মানসিক চাপ থেকেই কি ডায়াবিটিস হয়?
ডায়াবিটিস বিশেষজ্ঞদের মতে, বিষয়টি এতটা সরল নয়। শুধু মানসিক চাপের কারণে ডায়াবিটিস হয়— এমন প্রমাণ এখনও মেলেনি। তবে দীর্ঘস্থায়ী মানসিক চাপ ডায়াবিটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা, মানসিক চাপ বাড়লে শরীরে কর্টিসল, অ্যাড্রিনালিন ও গ্রোথ হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এই হরমোনগুলি রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে এবং ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। ফলে কোষে গ্লুকোজের সঠিক ব্যবহার বাধাপ্রাপ্ত হয় এবং রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। দীর্ঘদিন এমন পরিস্থিতি চলতে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, যা টাইপ-২ ডায়াবিটিসের অন্যতম ঝুঁকির কারণ।
চিকিৎসকদের মতে, টাইপ-২ ডায়াবিটিসের জন্য শুধু মানসিক চাপ নয়, অনিয়ন্ত্রিত জীবনযাপনও সমানভাবে দায়ী। দীর্ঘক্ষণ বসে কাজ করা, নিয়মিত শরীরচর্চার অভাব, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়া এবং স্থূলত্ব— বিশেষ করে পেটের অতিরিক্ত মেদ— ডায়াবিটিসের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।
বিশেষজ্ঞদের পরামর্শ, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন হাঁটাহাঁটি, নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। সুস্থ জীবনযাপন শুধু মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় না, ইনসুলিনের কার্যকারিতাও বজায় রাখতে সাহায্য করে। তাই ডায়াবিটিস প্রতিরোধে খাদ্যাভ্যাসের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।







